মিরপুরে বৃষ্টি, ম্যাথিউজ-ধনঞ্জয়ের জুটিতে লড়ছে শ্রীলঙ্কা

news-image

ক্রীড়া প্রতিবেদক : এবাদত হোসেন ও সাকিব আল হাসানের হাত ধরে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় জোড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভার জুটিতে লড়ছে শ্রীলঙ্কা। তবে দিনের প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগের ওভারে হানা দিয়েছে বৃষ্টি, ফলে ৫ বল আগেই দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭০.১ ওভারে ৪ উইকেটে ২১০ রান। বাংলাদেশের ৩৬৫ রানের চেয়ে এখন ১৫৫ রানে পিছিয়ে লঙ্কানরা। অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ৪৬ রান যোগ করে ফেলেছেন ম্যাথিউজ ও ধনঞ্জয়।

আগেরদিন ২ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। দিনের শেষ ভাগে নাইটওয়াচম্যান হিসেবে পাঠানো হয় রাজিথাকে। সেই দায়িত্ব ভালোভাবে পালন করে দিনের বাকি অংশে উইকেট বাঁচিয়ে রাখেন এ লেজের সারির ব্যাটার।

তবে নতুন দিনে আর পারলেন না রাজিথা। আজ দিনের প্রথম ওভারে বল তুলে দেওয়া হয়েছিল এবাদতকে। প্রথম বলে এক রান নিয়ে রাজিথাকে স্ট্রাইক দেন করুনারাত্নে। পরের বলেই ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান শূন্য রান করা রাজিথা।

এরপর সাবেক অধিনায়ক ম্যাথিউজকে নিয়ে জুটি বাঁধেন বর্তমান অধিনায়ক করুনারাত্নে। এবাদত ও সাকিবের শুরুর স্পেলে খুব একটা রান করতে পারছিলেন না তারা। তবে ৫৫তম ওভারে এবাদতের বলে বাউন্ডারি হাঁকিয়ে জড়তা কাটিয়ে ওঠেন ম্যাথিউজ।

সাকিবের করার পরের ওভারে চার মারেন করুনারাত্নেও। লঙ্কান অধিনায়কের বিদায়ঘণ্টাও সেই ওভারে বাজান সাকিব। ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে করুনারাত্নেকে সামনের পায়ে আনেন সাকিব, সেটিই কাল হয় এ বাঁহাতি ওপেনারের জন্য।

ড্রাইভ করার ব্যর্থ চেষ্টায় সেই ডেলিভারিটি তার ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে মিডল স্ট্যাম্পে। যার ফলে সমাপ্তি ঘটে ১৫৫ বলে ৯ চারের মারে ৮০ রানের ইনিংসের। এর আগে ব্যক্তিগত ৩৬ রানে বাংলাদেশের রিভিউ ব্যর্থতা ও ৩৭ রানে ক্যাচ মিসের কারণে বেঁচে যান করুনারাত্নে।

অধিনায়ককে হারানোর পর খোলসে ঢুকে পড়েন ম্যাথিউজ ও ধনঞ্জয়। নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা রান দিচ্ছিলেন না এবাদত, সাকিবরা। এবাদতের বলে বেশ কয়েকবার পরাস্তও হয়েছেন ম্যাথিউজ। কিন্তু দাঁতে দাঁত চেপে সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন এ অভিজ্ঞ ব্যাটার।

অন্যদিকে শুরু থেকেই হাত খুলে খেলার চেষ্টা দেখা গেছে ধনঞ্জয়ের মাঝে। মধ্যাহ্ন বিরতি দেওয়ার আগের ওভারে এবাদতের বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে লঙ্কানদের দুইশো পার করিয়ে দেন এ মিডল অর্ডার ব্যাটার। সেশন শেষে ধনঞ্জয় ৪০ বলে ৩০ ও ম্যাথিউজ ৭৬ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন।

ইনিংসের ৭১তম ওভার শেষে হওয়ার কথা ছিল আজকের মধ্যাহ্ন বিরতি। কিন্তু সেই ওভারে সাকিব প্রথম বল করার পরই নামে গুঁড়ি বৃষ্টি। যে কারণে ওভার শেষ না করেই বিরতি দিয়ে দেন আম্পায়াররা। বৃষ্টি থেকে বাঁচাতে উইকেট ও এর আশপাশের জায়গা কভারে ঢেকে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার