সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষদিনের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝপথ থেকেই শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে যুদ্ধ চলছিল। নাটক চললো শেষ দিনের শেষ মিনিট অবধি। অবশেষে পাঁচ মিনিটের কামব্যাকে চ্যাম্পিয়নের তকমা জুটলো সিটির ঘরে। অন্য ম্যাচে লিভারপুল দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও, দ্বিতীয় হয়েই সান্ত্বনা পুরস্কার জিতলেন ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। অ্যানফিল্ডে একই সময়ে শুরু হওয়া ম্যাচে উলভসকে ৩-১ গোলে হারায় লিভারপুল।

এদিন পেপ গার্দিওয়ার শিষ্যদের শিরোপা জিততে শুধু জয়টাই দরকার ছিল। তবে হারলে বা ড্র করলে বিপদ ঘটতে পারতো। অন্যদিকে নিজেদের জয়ের পাশাপাশি সিটির হোঁচটের দিকে তাকিয়ে ছিল লিভারপুল। তবে মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে ম্যানসিটি।

ম্যানসিটির মাঠে এদিন খেলার ৩৭তম মিনিটে পাল্টা এক আক্রমণে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় অ্যাস্টন ভিলা। গোল করেন ম্যাটি ক্যাশ। প্রথমার্ধ অন্য ম্যাচে লিভারপুল পিছিয়ে পড়েও সমতায় ফেরে। তবে সিটির দিকেই পাল্লা ভারি ছিল। কেননা পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে সিটি।

কিন্তু বিরতির পর ৬৯তস মিনিটে ফের হতাশা নামা সিটি শিবিরে। এবার ফিলিপে কৌতিনিয়োর দারুণ এক গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

দুই গোলে পিছিয়ে পড়া সিটি ৭৬তম মিনিটে ইলকাই গুনদোগানের গোলে ব্যবধান কমায়। রাহিম স্টার্লিংয়ের ক্রসে হেডে গোল করেন এই জার্মান। আর দুই মিনিট পরই স্কোরলাইনে সমতা টানে সিটি। জিনচেঙ্কোর পাস থেকে ঠিকানা খুঁজে নেন রদ্রি।

পাঁচ মিনিটের ব্যবধানে আরও একটি গোল করে সিটি এগিয়ে যায়। কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে জোড়া গোল পূর্ণ করেন গুনদোগান। স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরে। আর এই গোলেই শিরোপা নিশ্চিত হয় সিটি। যদিও অন্য ম্যাচে লিভারপুলের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল।

লিভারপুল যদিও ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের পেদ্রো নেতোর গোলে পিছিয়ে পড়লেও ২৪তম মিনিটে সমতায় ফেরে। থিয়াগো আলকান্তারার দারুণ সহায়তায় গোল করেন সাদিও মানে।

বিরতির পর লিভারপুল ৮৪তম মিনিটে এগিয়েও যায়। জোয়েল মাতিপের হেড থেকে গোল করেন মোহামেদ সালাহ। আর ৫ মিনিট পর অ্যান্ডি রবার্টসনের গোলে জয়ও নিশ্চিত হয়। তবে শিরোপার ট্রফি আর জেতা হলো না।

লিগে ৩৮ ম্যাচে ২৯ জয় ও ৬ ড্রয়ে ৯৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল ম্যানচেস্টার সিটি। ২৮ জয় ও আট ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৯২।

১৯৯২-৯৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ নামকরনের পর এ নিয়ে ইংলিশ এই ৬বার শিরোপা জিতল ম্যানসিটি। এর আগে শীর্ষ এই লিগে আরও দুবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। আর লিভারপুল ১৫তমবার রানার্সআপ হওয়ার যোগ্যতা অর্জন করল।

৩৮ ম্যাচে ৭৪ পয়েন্ট পাওয়া চেলসি তৃতীয়। টটেনহ্যাম হটস্পার শেষ ম্যাচে নরউইচ সিটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে চারে জায়গা নিয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করল। তাদের পয়েন্ট ৭১। তিন পয়েন্ট পিছিয়ে আর্সেনাল ইউরোপা লিগে নেমে গেল।