আর মুখ বুজে পিঠে লাঠি খাওয়ার সময় নেই : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের হামলার অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এখন হামলার প্রতিবাদ নয়; প্রতিরোধ গড়ে তুলতে হবে, হামলা হলে পাল্টা হামলা, আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। যেখানেই হামলা সেখানেই প্রতিরোধ, সেখানেই পাল্টা হামলা; এটা আমার গণতান্ত্রিক অধিকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যায়ভাবে শুধু আমি মার খাব, আমি মার খাওয়ার দায়িত্ব নেব, অন্যরা আমাকে মেরে যাবে-এটা সংবিধানে নেই। আমরা যা করি সংবিধানসম্মত।’
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রতিবাদ করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, আমার মিছিল করার অধিকার আছে, হরতাল-অবরোধ করার অধিকার আছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ও দায়িত্ব আমার আছে। এতে যারা বাধা দেবে, তাদের আমরা মোকাবিলা করব। পোশাকে হোক, বিনা পোশাকে হোক আর ছাড় দেওয়ার সময় নেই। আর মুখ বুজে পিঠে লাঠির মার খাওয়ার সময় নেই। আমরা রাজপথে একমাত্র রক্ত দেব, আর যারা রক্ত নেবে-সেই দিন শেষ জনগণের বাংলাদেশ সামনে অপেক্ষা করছে।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। কুমিল্লায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সারাদেশে নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম আজাদ, আফরোজা আব্বাস, সাইফুল আলম নিরব, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাসান জাফির তুহীন প্রমুখ।
তিনি বলেন, `নেতাকর্মীদের বলব, আগামী দিনে শৃঙ্খলা বজায় রাখবেন, রাজপথে সক্রিয় ভূমিকা রাখবেন। আপনারা মূল্যায়িত হবেন, জাতির কাছে সম্মানিত হবেন। টেলিভিশনে ছবি তোলার প্রবণতা আমাদের বদলাতে হবে। এখন সময় নেই। এখন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়। ছাত্র-যুবকরা যে স্লোগান দিত, সেই স্লোগান দিতে হবে। স্লোগান দিতে হবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’
গয়েশ্বর বলেন, কুমিল্লায় ড. মোশাররফ হোসেনের বাড়িতে হামলা হয়েছে, ফেনীতে ভিপি জয়নালের বাড়িতে হামলা হয়েছে। আরও অনেক জায়গায় হামলা হয়েছে, কিন্তু মিডিয়া খোঁজ রাখে না। এটা তাদের (ক্ষমতাসীনদের) পরিকল্পিত মহড়া।
সরকারের মন্ত্রী-এমপি এবং তাদের আত্মীয়-স্বজনের দুর্নীতির প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, লুটপাটের জন্য দেশ স্বাধীন হয়নি। জনগণ দেশ স্বাধীন করেছে সুখে থাকার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য। আমরা সেই রাষ্ট্রের জন্য লড়াই করছি। আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না, আমরা জনগণকে ক্ষমতাবান করতে লড়াই করছি। জনগণ ভোট দিয়ে সরকার গঠন করবে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলেও জানান তিনি।
শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার-লুটপাটকারীদের পরিণতি ভালো হয় না। শ্রীলঙ্কার অবস্থা কেন এমন হলো? এক সময় শ্রীলঙ্কার মুদ্রা পাচারকারীরা আমেরিকায় ধরা পড়ল। তারপর ক্ষমতায় থাকা অবস্থায় রাজাপাকসে ও তার পরিবার লুটপাট ও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শান্তিপ্রিয় শ্রীলঙ্কার মানুষ আজ ফুঁসে উঠেছে। রাজাপাকসে পালিয়েছে। তার লোকজন নদীতে ঝাঁপ দেওয়ারও সুযোগ পাচ্ছে না। তাহলে এই আওয়ামী লীগ সরকারের পরিণতি রাজাপাকসে সরকারের চেয়ে ভয়াবহ হতে পারে।
সরকারের উদ্দেশে গয়েশ্বর বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অবস্থা শ্রীলঙ্কার মতো হোক তা চাই না। আমরা চাই মানসম্মানের সঙ্গে আপনারা ক্ষমতা থেকে প্রস্থান করুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, সংসদ বিলুপ্ত করুন। এরপর নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে।











