‘পছন্দের কমিটি না দেওয়ায়’ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজে ‘পছন্দের কমিটি না দেওয়ায়’ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াখালী জজকোর্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেন সাগর জেলা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক এবং সুবর্ণচর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগরের বাড়ি চরজব্বর ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামে।
আহত সাগর জানান, ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থল থেকে বের হলে জজকোর্টের সামনে ভুঁইয়ারহাট এলাকার মাঈন উদ্দিন শাকিলের নেতৃত্বে ১০-১২ জন অতর্কিতে তার ওপর হামলা চালিয়ে রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে আদালত ভবন থাকা আইনজীবীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
লোকমানের বড়ভাই উত্তর চরবাগ্যা গ্রামের ইউপি সদস্য মো. শাহাজাহান জানান, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্যাহ আল মামুন ওরফে জাবেদের পছন্দের লোককে চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটিতে রাখতে অপারগতা প্রকাশ করায় তার নির্দেশে এ হামলা হয়েছে।
তবে ছাত্রলীগ নেতা জাবেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার ঘটনাটি ফেসবুকে দেখেছি। তবে এ বিষয়ে কিছুই জানি না। আর চরজব্বর কলেজ ছাত্রলীগের কমিটি ঈদের পরে নিয়ম মোতাবেক দেওয়া হবে। এ নিয়ে কোনো মতবিরোধ নেই।‘
এ ঘটনায় কেউ অভিযোগ করেনি জানিয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, তারা অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।











