শাকিবের বিপরীতে পরিপক্ব সিয়াম
ফয়সাল আহমেদ
২০১৮ সালের আগের কয়েক বছর ধরে ঈদের সিনেমা বাজার ছিল শীর্ষ নায়ক শাকিব খানের দখলে। তখন ঢাকাই সিনেমার এ সুপারস্টারই ছিলেন একচ্ছত্র অধিপতি। ফলে ঈদের ছবির লড়াই হতো শাকিব বনাম শাকিব! কিন্তু ১৮ সাল থেকে চিত্রটা পাল্টে গেছে। সেই বছর রোজার ঈদে শাকিবের মুখোমুখি হয়েছিলেন নবাগত সিয়াম আহমেদ। কিং খানের তিনটি ছবির বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতার একটি ছবিই ছিল আলোচিত, প্রশংসিত। এর পর কেটে গেছে প্রায় চারটি বছর। করনো মহামারীতে থমকে ছিল পুরো পৃথিবী। ঘরবন্দি মানুষ এখন কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আবার সিনেমা হলে যাচ্ছে। ফলে কিছুটা আশার আলো দেখছেন হল মালিকরা। এই আলোর উজ্জ্বলতা বাড়াতে আসছে ঈদ। সিনেমা নিয়ে আসছে ঈদে আবার মুখোমুখি হচ্ছেন শীর্ষ নায়ক শাকিব খান ও হালের ক্রেজ সিয়াম আহমেদ। শাকিব আছেন আগের মতোই। তার সিনেমা মানেই উপচে পড়া দর্শক। কিন্তু সিয়াম আগের মতো নেই! তিনি এখন পরিপক্ক। তৈরি করে নিয়েছেন নিজের জায়গা, ভক্তকূল। তার নামেও এখন সিনেমা হিট। তাই এবারের ঈদে শাকিব বনাম সিয়ামের লড়াইটা হবে জমজমাট। এমনটা আশা করছেন সবাই।
তবে ঈদে কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে এবার সিয়ামকেই। কারণ শাকিব আছেন সুদূর আমেরিকায়। তার ছবির প্রচারণা হবে ফেসবুককেন্দ্রিক। কিন্তু সিয়াম আছেন দেশেই। তিনি সশরীরে অংশ নিবেন ছবির প্রচারে। এবারের ঈদে শাকিবের তিনটি ছবি মুক্তির কথা থাকলেও একটি পিছিয়ে দেওয়া হয়েছে। তাই তাকে দেখা যাবে দুটি ছবিতে। শাকিব ভক্তদের জন্য সুখবর হলো- দুটি ভিন্ন ধরনের গল্পে শাকিবকে ভিন্ন ভিন্ন চরিত্রে ও লুকে দেখা যাবে। এরমধ্যে ‘গলুই’ গ্রামীণ পটভূমিকার ছবি। এই ছবি কয়েক দশক আগের গল্প নিয়ে নির্মিত। এখানে শাকিবের নায়িকা পূজা চেরি। এই জুটিকে প্রথমবারের মতো বড়পর্দায় দেখবেন দর্শক। আর ‘বিদ্রোহী’ শহুরে প্রেক্ষাপটের সমসাময়িক গল্প। এখানে আবারও ফিরবেন জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। মুক্তির দেড় মাস আগেই সিনেমা দুটির হল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। অনুদানের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এরই মধ্যে ২০টির মতো হল চূড়ান্ত হয়েছে। মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে। হাতে এখনো সময় আছে। এর মধ্যে পুরনো অনেক হলই খুলবে।’ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত ‘গলুই’। এস এ হক অলিকের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। অন্যদিকে অ্যাকশন ছবি ‘বিদ্রোহী’ নিয়ে একাধিকবার মুক্তির কথা বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানের হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানান, তারা ছয় মাস আগেই মুক্তির তারিখ নিয়ে রেখেছেন। এবার ঈদে সিনেমাটি আসছে। ‘বিদ্রোহী’ পরিচালনা করেছেন শাহীন সুমন। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও মৃদুলা।
শাকিব খানের দুটি ছবির বিপরীতে এক ছবি নিয়েই মাঠে নামছেন সিয়াম। ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। দুই বার করোনার কারণে মুক্তি থেমে যায় এই ছবির। এবার আর নড়চড় হচ্ছে না। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত ছবিটি। পরিচালক বলেন, ‘এবার ছবিটি মুক্তি পাবেই। কোনো প্রকার নড়চড় হবে না। হল বুকিং শুরু হয়েছে। দেশের বড়বড় হলগুলো আগ্রহ দেখাচ্ছে ছবিটি নিয়ে। আশা করি, আমরা নিজেদের চাহিদা মাফিক হল পেয়ে যাব।’ অ্যাকশন থ্রিলার গল্পের ছবিটি নির্মিত হয়েছে মানব পাচারের সত্য ঘটনা অবলম্বনে। নির্মাতা জানান, মুক্তির দেড় মাস আগে থেকেই ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন বিভিন্ন হলের মালিকরা। একই খবর জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্টও। ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ছবির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম-উদ-দৌলা। প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে।











