দুর্বল নজরদারিতে ভয় বাড়ছে রাতের ঢাকায়
ইউসুফ সোহেল
২৭ মার্চের দিনের আলো তখনো ফোটেনি। শুরু হয়নি রাজধানীর চিরচেনা কোলাহল। সেই কাকডাকা ভোরে রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকা থেকে বাসস্ট্যান্ড যেতে রিকশায় ওঠেন ‘গরিবের ডাক্তার’খ্যাত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাজীপাড়ায় পৌঁছাতেই ছিনতাইচক্রের কবলে পড়েন তিনি। পাঁচ ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে বুলবুলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে টাকা ছিনিয়ে নিতে চাইলে বুলবুল বাধা দিলে তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। একপর্যায়ে ঘটনাস্থলে অটোরিকশা ও বাস চলে আসায় শুধু মোবাইল ফোনটি নিয়েই পালিয়ে যায় ছিনতাইকারীরা। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘণ্টা না পেরোতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ডা. বুলবুল।
পুলিশ ও রাজধানীর সরকারি ৪টি হাসপাতালে চিকিৎসা নেওয়া ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক মাসে রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ডাকাতির ঘটনা ঘটেছে ১১টি। ডা. বুলবুলের মতো প্রাণ না গেলেও অস্ত্রের মুখে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন তারা। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অধিকাংশ ভুক্তভোগী। বেশির ভাগ ঘটনাই ঘটেছে রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের তথ্যানুযায়ী, ২০২১ সালে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীতে মামলা হয় ১৪৫টি। এর আগের বছর ১৭৬টি, ২০১৯ সালে ১৫৫টি, ২০১৮ সালে ২১৬টি, ২০১৭ সালে ১০৩টি, ২০১৬ সালে ১৩২টি, ২০১৫ সালে ২০৫টি ও ২০১৪ সালে ২৬৫টি মামলা হয়। আর চলতি বছরের প্রথম তিন মাসে রাজধানীর শতাধিক স্পটে ছিনতাইয়ের ঘটনা ঘটে ৪৬২টি।
অপরাধ বিশ্লেষকদের মতে, বাস্তবচিত্র আরও ভয়াবহ। যে পরিমাণ ঘটনা ঘটছে, তার তিন ভাগের এক ভাগ মামলাও হচ্ছে না। আইনি জটিলতা ছাড়াও নানা ধরনের ঝুট-ঝামেলা এড়াতে ছিনতাইয়ের শিকার হয়েও অনেকেই মামলা করেন না। তারা আরও বলছেন, সম্প্রতি হত্যা-ছিনতাইসহ গুরুতর অপরাধের প্রবণতা বেড়েছে।
রমজান-ঈদ সামনে রেখে পেশাদার ছিনতাইকারীর সঙ্গে যোগ দিয়েছে নারী-পুরুষের সমন্বয়ে গড়া কিছু মৌসুমি ছিনতাইকারীও। সক্রিয় হয়ে উঠছে টানা পার্টি, অজ্ঞান পার্টি ও মলম পার্টি। প্রাইভেটকার কিংবা বাসভাড়া করে ভুয়া র্যাব-পুলিশ সেজেও চক্রের সদস্যরাও দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার বিভিন্ন সড়কে। মহল্লার গলিপথেও সন্ধ্যার পর চলাচলে অনিরাপদ হয়ে উঠছে নগরবাসীর জন্য। দেশে বেকারত্বের হার এবং মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। ফলে এই তিনটি বিষয় একটি আরেকটির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ছিনতাইরোধ করতে হলে শুধু প্রশাসন তৎপর হলেই হবে না। মাদক নির্মূল এবং বেকারের সংখ্যা কমিয়ে আনতে পারলে ছিনতাইয়ের মতো ঘটনাও ধীরে ধীরে কমে আসবে।
বিশেষজ্ঞদের অভিমত, দিনের বেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ তৎপর থাকলেও রাত যত বাড়ে, ততই ঝিমিয়ে পড়ে তাদের নজরদারি। তাই মধ্যরাত থেকে ভোররাতকে বেছে নিয়েছে দুর্বৃত্তরা। এই সময়টুকু রাজধানীর বিভিন্ন পয়েন্টে থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি আরও জোরদার করা না গেলে ঈদের আগেই ছিনতাইকারীদের কবলে পড়ে ডা. বুলবুলের মতো আরও কয়েক মায়ের কোল খালি হতে পারে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে হবে।
পুলিশ সূত্র জানায়, গত ২৮ মার্চ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম অধস্তন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাজধানীতে স¤প্রতি সব ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। এ সব নিয়ন্ত্রণে ডিএমপির সব ইউনিটকে একযোগে মাঠে নামতে হবে। টহল বাড়াতে হবে। প্যাট্রোলিং করতে হবে। অপরাধীদের পাকড়াও করতে হবে। পরোয়ানা থাকা আসামিদের কোনোরকম ছাড় না দিয়ে গ্রেপ্তার করতে হবে। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, সাদা পোশাকের পুলিশ ও সাইবার পুলিশ সবাই একযোগে মাঠে কাজ করবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। অবিলম্বে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে।
ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার জানান, রমজান ও ঈদ সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় হয়। পুরনোর পাশাপাশি নতুন ছিনতাইকারীরও জন্ম হচ্ছে। তাই এ ধরনের দুর্বৃত্তের তৎপরতা রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান চলছে। ডিএমপি কমিশনার এ বিষয়ে সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছোট-বড় সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। স¤প্রতি রাজধানীর মতিঝিল বিভাগে দুটি হত্যাকাÐ ঘটে। দুটি ঘটনায় জড়িতদের শনাক্ত এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুরেও দন্ত চিকিৎসক হত্যায় জড়িতরা আইনের আওতায় এসেছে। বিশেষ অভিযানের ফলে রাজধানীতে অপরাধের মাত্রা কমে আসবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।











