চাকা ফেটে সড়ক বিভাজনে ট্রাক, নিহত ২ শ্রমিক
অনলাইন ডেস্ক : ফেনীর দাগনভূঞায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর উঠে পড়ে একটি ট্রাক। এতে সড়ক বিভাজন নির্মাণের কাজে নিয়োজিত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১০টার দিকে উপজেলা সদর এলাকার ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ গ্রামের মানিক মেম্বার বাড়ির আবুল হোসেনের ছেলে আজমির হোসেন (২৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাদেক আলীর ছেলে আবুল খায়ের (৩৩)।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিএর অধীন কয়েকজন শ্রমিক দাগনভূঞা উপজেলা সদর এলাকায় সড়কের চারলেন উন্নয়ন ও সড়ক বিভাজনের কাজ করছিল। এ সময় দাগনভূঞার উপজেলা সদরের দিক থেকে একটি ট্রাক ফেনীর দিকে যাচ্ছিল।
ট্রাকটি দাগনভূঁঞা থানার সামনের সড়কে পৌঁছার পর হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরণ ঘটে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের কাজে নিয়োজিত শ্রমিকদের উপর উঠে পড়ে। এতে ট্রাকের চাপায় দুই শ্রমিক দুর্ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আবদুস সামাদ আরও জানান, খবর পেয়ে পুলিশ দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।











