চট্টগ্রামে বাম দলের হরতালে প্রাণ নেই
চট্টগ্রাম প্রতিনিধি : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলছে। তবে আধা বেলার এই হরতালে প্রাণ নেই।
সোমবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল-সমাবেশ এমনকি পাওয়া যায়নি পিকেটিংয়ের খবরও। অন্যদিকে প্রায় সব রাস্তায় তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহন। চট্টগ্রাম বন্দর থেকেও মালামাল পরিবহন স্বাভাবিক আছে। সকাল থেকে সবকটি ট্রেন যথাসময়ে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। দূরপাল্লার যানবাহন চলাচলেও হরতালের কোনো প্রভাব নেই। রাস্তায় বেরিয়ে পড়া বেশ কয়েকজন চাকরিজীবী, সবজি বিক্রেতা আর অটোরিকশা চালক জানিয়েছেন, তাদের জানা নেই আজকে হরতাল।
ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা নিবিড় মিয়া বলেন, ‘হরতাল দেছে কেডা? কইতে পারি না তো। ভোরে তো রেয়াজুদ্দীন বাজারে গেলাম। ওইহানেও তো কেউ কিছু কইলো না।’
ইপিজেডের কর্মরত গার্মেন্টস কর্মী রেশমি আক্তার জানান, যারা হরতাল ডেকেছে তারা হচ্ছে মূলত সুবিধাবাদী। এদের হরতাল আইওয়াশ মাত্র, এরা রাজনৈতিকভাবে সমস্ত সুবিধা ভোগ করে। এটা ঠিক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নাভিশ্বাস হয়ে গেছে। দাম বাড়েনি এমন জিনিস খুঁজে পাওয়া মুশকিল। এ বৃদ্ধি ছোটখাটো বৃদ্ধি নয়, বেশ বড় আকারের বৃদ্ধি। তাই এসব হরতালের কথা মাথা না নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম।
হরতালকে কেন্দ্র করে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভোর থেকে সবকিছু স্বাভাবিক রয়েছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মাঠে আছি। এছাড়া হরতালের ডাক দেয়া বাম গণতান্ত্রিক জোটের কোন নেতাকর্মীদের দেখা যায়নি এখন পর্যন্ত।
সকাল থেকে নগরীর দূরপাল্লার বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে বাস ছেড়ে যেতে দেখা গেছে।
কর্ণেলহাট সৌদিয়া কাউন্টারের ম্যানেজার মাঈনুদ্দিন ফাহিম বলেন, অন্যান্য দিনের মতো আজকেও আমাদের বাসগুলো সিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। হরতালের কোন প্রভাব পড়েনি।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। গত ১১ মার্চ এই হরতালের ডাক দেয় বাম জোট। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সেদিন হরতালের ডাক দেন। যদিও হরতাল ডেকে এখন দেশে নেই তিনি। এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে দেশের বাইরে আছেন তিনি।
এছাড়া হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা। এর পূর্বে বিকালে পুরাতন স্টেশন চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে হরতাল আহবানের পর গত ২৬ মার্চ পরিবহন মালিক-শ্রমিকদের যৌথসভায় সিদ্ধান্ত হয়েছিল, বাম জোটের হরতালে গণপরিবহন চলবে।











