ছাত্রলীগ নেতা হত্যা: দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাঙামাটি জেলা-উপজেলা-পৌর ছাত্রলীগ।
সকাল ১০টায় রাঙামটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় আগামী এক সপ্তাহের মধ্যে জয় ত্রিপুরার খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে অবরোধ হরতাল দিয়ে রাঙামাটিকে অচল করে দেয়া হবে ঘোষণা দেন জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন।
এছড়াও বক্তারা বলেন, পাহাড়ে একটি সাম্প্রদায়িক শক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ শক্তি চায় না, পাহাড়িরা অসাম্প্রদায়িক রাজনীতি করুক। জয় ত্রিপুরা অসাম্প্রদায়িক ছাত্রলীগ রাজনীতি করছিলেন, এ অপরাধে তাকে খুন করা হয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, গত বুধবার রাতে যখন জয় ত্রিপুরাকে খুন করা হয় তখন আশপাশে সকল সিসি ক্যামেরা বন্ধ ছিল। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কি না আইনশৃঙ্খলা বাহিনীকে তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জয় ত্রিপুরার মাম ঝিনুক ত্রিপুরা, রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন।
এদিকে, সমাবেশ চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ায় রাঙামাটি চট্টগ্রাম সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে জয় ত্রিপুরার লাশ দাহ করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় নিহত জয় ত্রিপুরার ভাই সাগর ত্রিপুরা কোতায়ালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানান ওসি।











