মিরপুরে সিনিয়র নার্সের মৃত্যু নিয়ে রহস্য
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে জুলিয়েট মণ্ডল (২২) নামে একজন সিনিয়র স্টাফ নার্সের লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। পাইকপাড়ার আহমেদ নগরের বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, গলায় ফাঁস দিয়ে জুলিয়েট আত্মহত্যা করেছেন। এরপরও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, জুলিয়েট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চাকরি করতেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা গ্রামের সুবল মণ্ডল ও জোসনা মণ্ডলের মেয়ে।
হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট করেন মিরপুর থানার এসআই হোসনে আরা। তিনি জানান, বুধবার সকালে জুলিয়েট গলায় ফাঁস দেন বলে জানা গেছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়। সংবাদ পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করায়, সেখানে ময়নাতদন্ত না করিয়ে ওইদিন দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃতের গলায় কালো দাগ ছিল এবং পিঠের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে জুলিয়েটের বাবা সুবল মণ্ডল জানিয়েছেন, দুই বছর আগে ১৩ মার্চ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার রামশীল গ্রামের নিক্সন তালুকদারের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। এরপর মিরপুরের আহমদ নগর পাইকপাড়া এলাকায় স্বামী-শাশুড়ির সঙ্গে থাকতেন। তার স্বামী আইটির কাজ করেন।
জুলিয়েটের ছোট বোন স্নিদ্ধি মণি মণ্ডল জানান, নিক্সনের পরিবার জুলিয়েটকে ছোট করে দেখতো, বিভিন্নভাবে অপমান করতো। ২০২১-এর ডিসেম্বরে তার বোন সরকারি সিনিয়র স্টাফ নার্স হিসেবে নিয়োগ পান। পরে একসঙ্গে তিন মাসের বেতন দেড় লাখ টাকা পান। ওই টাকা না দেয়ায় বিভিন্ন অজুহাতে জুলিয়েটের প্রতি অমানুষিক নির্যাতন চালান তার স্বামী-শাশুড়িসহ তাদের পরিবারের সদস্যরা।
তিনি বলেন, আমাদের পরিবার সচ্ছল না। চার বোনের মধ্যে আপু ছিল বড়। সে খুবই ধৈর্যশীল, সে আত্মহত্যা করতে পারে না। তারা পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।
মৃতের বাবা ও অন্য স্বজনরা ঢামেক মর্গে অভিযোগ করে বলেন, জুলিয়েটের মৃত্যুর জন্য তার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা জড়িত। আমরা তাদের বিচার চাই।
বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জুলিয়েটর ময়নাতদন্ত সম্পন্ন হয়। তাকে শেষবারের মতো দেখতে সহকর্মী ও স্বজনরা মর্গে ভিড় জমান।











