‘সম্পত্তির লোভে’ ভাইকে পিটিয়ে হত্যার পর তড়িঘড়ি করে দাফনের চেষ্টা
রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে সম্পত্তির লোভে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যার পর তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে মিঠু মিয়া (৪৮) নামে ওই ব্যক্তির মৃত্যুর পর আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে হারাগাছ থানা পুলিশ।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হারাগাছ থানার ওসি রেজাউল করিম।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হারাগাছ দালালের হাট মাস্টারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিঠু বিয়ে করেননি। দীর্ঘদিন ধরে বড় ভাই বাবু মিয়া তার ভাগের জমি লিখে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন। রোববার দুপুরে মিঠু ও বাবুর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মিঠুকে শায়েস্তা করতে বাবু তার শ্বশুরবাড়ির লোকজনকে ডাকেন। এরপর বাবুর খালাতো শ্যালক হারাগাছ যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুষারের নেতৃত্বে মিঠুকে বেধড়ক মারপিট করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মিঠুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কৌশলে সাধারণ রোগী হিসেবে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর পর তার লাশ বাড়িতে নিয়ে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা তা করতে পারেননি।











