অল্পের জন্য বেঁচে গেলেন উপ-সচিব
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের সঙ্গে পাজেরোর মুখোমুখি সংঘর্ষে উপ-সচিবসহ ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় দিনাজপুরের পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার গার্মেন্টস বাজারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জোন) উপ-সচিব মো. শামসুল আযম ও তার স্ত্রী এবং গাড়ি চালক আহত হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশীদ জানান, দিনাজপুর থেকে পার্বতীপুরের দিকে উপ-সচিবকে বহনকারী গাড়িটি যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপ-সচিবসহ ৩ জন আহত হয়েছে। দুর্ঘটনায় উপ-সচিবকে বহনকারী পাজেরো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা আহতদের উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ওসি জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।











