রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি দেয়ার কথা বলে কিশোরীকে বিক্রি, রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গৃহপরিচালিকা হিসেবে চাকরি দেয়ার কথা বলে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয় এক কিশোরীকে। এরপর রাতভর সংঘবদ্ধভাবে তার ওপর ধর্ষণ চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রায়পুর পৌর শহরের ১ নং ওয়ার্ডের দুলালের বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার চর আবাবিল এলাকার ওই কিশোরী অসহায় হয়ে গৃহপরিচালিকা হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ সুযোগে স্থানীয় জাহাঙ্গীর আলম ওরফে ধলা তাকে চাকরি দেয়ার কথা বলে গত রোববার রায়পুর পৌর শহরের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী (মুদি দোকানদার) দুলালের বাসায় নিয়ে যান। এ সময় জাহাঙ্গীর ওই কিশোরীকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে চলে যান।

পরে মঙ্গলবার দিবাগত রাতে ওই কিশোরীকে দুলাল ও তার স্ত্রী ফাতেমা বেগমের সহায়তায় রাতভর ৭-৮ জন যুবক পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে। এ সময় দুলাল ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।