কুড়িগ্রামে বিয়ে বাড়িতে সংঘর্ষ, নিহত ১
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীর বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাহুল বাশফোর (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক গাইবান্ধা শহরের কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে।
সোমবার সকাল সাতটার দিকে কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, হরিজন পল্লীতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী (১৬) বাশফোরের সাথে গাইবান্ধা জেলা সদরের কাচারীপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে শিল্প পুলিশে চাকরিরত রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল।
আজ সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয় পক্ষের লোকজন আনন্দ-উৎসব করছিল। এ সময় কথা কাটাকাটির জেরে রাহুল বাশফোর নামে বর পক্ষের এক যুবককে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে ৩/৪জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন।
গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, রাহুল বাশফোর নামে বরযাত্রীর এক যুবকের বুকের বা পাশে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গাইবান্ধা থেকে গতকাল দেড়শজন বরযাত্রী আসে। সোমবার সকালে বিয়ে শেষে বিদায় অনুষ্ঠানে নাচ-গান করার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন মারা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এখনো মামলা হয়নি। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার চেষ্টা চলছে বলে তিনি জানান।











