রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক তিনজনের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক তিনজন হ‌রিজন সম্প্রদায়ের বলে জানা গেছে।

তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হরিজন সম্প্রদায়ের লোকজন।

জানাগেছে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় রাতে সন্দেহভাজন হিসাবে হরিজন সম্প্রদায়ের তিনজনকে বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় তাদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নবীনবাগ এলাকায় ময়লা ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে হরিজন সম্প্রদায়ের লোকজন।

সড়ক অবরোধের ফলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

হরিজন সম্প্রদায়ের সন্ধ্যা জমাদ্দার বলেন, এ ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। কিন্তু পুলিশ রাতে আমাদের সম্প্রদায়ের তিন ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা দ্রুত তাদের মুক্তি চাই।

সুরভী জমাদ্দার ও দিলীপ দাস বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। কিন্তু আমাদের সম্প্রদায়ের ওপর মিথ্যা অপবাদ দিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মুক্তি না দিলে আমরা অবরোধ থেকে সরবো না।

প্রসঙ্গত, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দলবদ্ধ ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগস্থ হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। এ সময় তাদের দুজনকে একটি অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরে ছেলেটিকে বেঁধে রেখে গোপালগঞ্জ জিলা স্কুলের নির্মাণাধীন একটি ভবনে কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।