রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে হত্যা : ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা

news-image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় ইন্টারনেট ক্যাবল ব্যবসায়ী ও যুবলীগ নেতা মো. জহির উদ্দিনকে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় উপজেলার আসাদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান ও তার ভাতিজা মোকবুল পাঠানকে প্রধান আসামি করা হয়েছে।

আজ শনিবার নিহতের বড় বোন পারুল আক্তার বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন। এতে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

এদিকে শনিবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। তবে হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সবাই পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জহির একই ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. রেনু মোল্লার ছেলে। তিনি আসাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।

থানা ও মামলার বিবরণ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জহির রামকৃষ্ণপুর বাজার থেকে ঘনিয়ারচর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের পূর্ব পার্শ্বে তেভাগিয়া বেইলি ব্রিজের উপর গেলে কিছু সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন।

এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পরপরই রাত ১২টার দিকে মারা যান জহির।

এ বিষয়ে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।