শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের দ্বন্দ্বে’ ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

news-image

‘হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় ইন্টারনেট সংযোগ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সালাহ উদ্দিন ওরফে জহির (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন কেন্দ্র করে দ্বন্দ্বে খুন হয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান জালাল পাঠানকে অভিযুক্ত করেছেন নিহতের বোন।

জহিরের বড় বোন পারুল আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাই ইন্টারনেট ওয়াইফাই লাইনের সংস্কার কাজের জন্য উপজেলার দুলালপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাত ৮টার দিকে তারা খবর পান- তার ভাইকে দুর্বৃত্তরা হত্যা করে উপজেলার কলাগাছিয়া স্টিল ব্রিজের ওপর ফেলে রেখেছে। পরে তার বড় ভাই আরশাদ মিয়া বাড়ির লোকজন নিয়ে সেখানে যান। এ সময় দেশীয় অস্ত্রধারী দৃর্বত্তরা তাদেরও ধাওয়া করে। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে জহিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পারুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মৃত্যুর আগে জহির বলে গেছেন কারা তাকে হত্যা করেছে। তার কথা তারা মোবাইলে রেকর্ড করেছেন।

পারুলের ভাষ্য, একই গ্রামের মোকবল পাঠান, জালাল পাঠান, বাছির, ইয়াছিন, সেলিম, রিফাত, শেখ ফরিদ, সুমন, বায়েজিদ, ছাব্বির সৈকতসহ ২০-৩০ জন মিলে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জহিরকে মৃত ভেবে ফেলে যায়। খুনিরা তার ভাইকে হত্যার পর রাতে এলাকায় এসে আতশবাজি ফুটিয়ে আনন্দ-ফূর্তিও করে। বলতে থাকে এবার সব শেষ করে দিয়েছি। তিনি ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জহিরের বড় ভাই আরশাদ মিয়ার অভিযোগ, গত ইউপি নির্বাচনে আছাদপুর ইউনিয়নে তারা আওয়ামী লীগ প্রার্থী ছিদ্দিকুর রহমানের নির্বাচন করার কারণে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জালাল পাঠান ও তার ভাতিজা মোকবল পাঠানদের সঙ্গে তাদের শত্রুতার সৃষ্টি হয়। এ কারণেই তারা তার ভাইকে খুন করেছেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ খুনের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান জালাল পাঠানের মোবাইল নম্বরে ফোন করলে ‘ঢাকার সাভারের অন্য ব্যক্তি’ রিসিভ করে রং নম্বর বলে জানান। বলেন, এটি জালাল পাঠানের নম্বর নয়।

এ বিষয়ে মোকবল পাঠান বলেন, ‘এ খুনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার হোক। আমরা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি