দুই সপ্তাহে দাম বাড়ে ৪ গুণ
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্পে জমি অধিগ্রহণের নামে ৩৫৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগসংক্রান্ত পৃথক রিটের শুনানি গতকাল বৃহস্পতিবারও হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানকার প্রতি শতাংশ জমির দলিলে দাম দেখানো হয় এক লাখ টাকা। অথচ তার সপ্তাহ দুয়েক আগেই এই দাম ছিল ২৩ থেকে ২৪ হাজার টাকা।
৩৫৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা প্রশাসনিক বাধার মুখে পড়ার পর দুটি রিট করে ‘স্বার্থান্বেষী’ মহল। গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
শুনানিতে ব্যারিস্টার কাজী মাইনুল হাসান বলেন, দুই সপ্তাহের ব্যবধানে জমির দাম হেরফের হওয়ার বিষয়টি রিটকারী সেলিম খানের দেওয়া তথ্য থেকেই বেরিয়ে এসেছে। অসৎ উদ্দেশ্যে এগুলো করা হয়েছে। আর এই আয়োজনের মূলহোতা হলেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) কাজী মাইনুল হাসান আদালতে বলেন, ‘ফিল্ম সিটির জন্য সেলিম চেয়ারম্যান যে জমি কিনেছেন, সেই দলিলের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের মে মাসে লক্ষ্মীপুরের ১১৫ নম্বর মৌজায় তিনি একটি জমি কিনেছেন। জমির পরিমাণ ৪৮ শতাংশ। আর জমির দাম ১১ লাখ ৫১ হাজার টাকা। প্রতি শতাংশ ২৩ হাজার ৭৯৯ টাকা। এরপর ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ১১৫ নম্বর লক্ষ্মীপুর মৌজায় প্রতি শতাংশ জমি ২৩ থেকে ২৪ হাজার টাকা করে কিনেছেন, এমন তথ্য রয়েছে মোট ৬ দলিলে।
অথচ দু’সপ্তাহের ব্যবধানে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ৩০ শতাংশ জমির দাম দেখানো হয়েছে ৩০ লাখ টাকা। অর্থাৎ ২৩-২৪ হাজার টাকা শতাংশ থেকে দু’সপ্তাহের মাথায় প্রতি শতাংশ হয়ে গেল এক লাখ টাকা। এরপর একই মাসে ১০ শতাংশ জমি কিনলেন ২০ লাখ টাকায় অর্থাৎ প্রতি শতাংশ হয়ে গেল ২ লাখ টাকা। এভাবে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি যখন আসছে, তখন থেকে ২৩-২৪ হাজার টাকা শতকের জমি প্রথমে এক লাখ, এরপর প্রতি শতাংশ দুই লাখ থেকে ৫ লাখ পর্যন্ত দেখিয়ে দলিল সম্পাদন করেছেন।
এ সময় আদালত বলেন, তাহলে তো যার কাছ থেকে কিনলেন তারা লাভবান হয়ে গেল। জবাবে ডিএজি বলেন, ঘটনা তা নয় মাননীয় আদালত। এখানে তো এত টাকায় কেনা হয়নি। এটা অসৎ উদ্দেশ্যে দলিল মূল্য দেখানো হয়েছে। আদালত বলেন, এত দলিল মূল্যের তো ট্যাক্সও দেওয়া লেগেছে।
জবাবে ডিএজি বলেন, এটা উনিই (সেলিম খান) দিয়েছেন। তার আইনজীবী বলেছেন, সেলিম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই জায়গাটা বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। শুরু থেকে কিভাবে দুর্নীতি করতে হবে, তার পেছনে এই সেলিম খান। সে এই ঘটনার মূলহোতা। একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের মতো মহান কাজ সরকার করেছে, সেই কাজটার শুরু থেকেই, সে অসৎ উদ্দেশ্য নিয়ে এগিয়েছে।
জানা যায়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রিসভা থেকে চূড়ান্তভাবে অনুমোদন পায় ২০১৯ সালের ২৩ ডিসেম্বর। বিশ্বদ্যিালয় স্থাপনের খবর পেয়ে ১৩৯টি উচ্চমূল্যের জমির দলিল করেন সেলিম খানসহ চার-পাঁচ জনের একটি সিন্ডিকেট। এরপর দলিল সম্পাদন করে ক্রয়কৃত ওইসব জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করতে সেলিম খান গত বছরের ১৭ জানুয়ারি মন্ত্রণালয়ে চিঠি লেখেন। এরপর সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় গত বছরের ৬ এপ্রিল। প্রশাসনিক অনুমোদন পেয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সিন্ডিকেটের ১৩৯টি দাগসহ ১৮২টি দাগ চূড়ান্ত করে অধিগ্রহণের জন্য জেলা প্রশাসককে প্রস্তাব করে। এরপর জমির মূল্যহার নির্ধারণ করতে গিয়ে সিন্ডিকেটের অনিয়মের আয়োজনের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এ বিষয়ে তদন্ত করে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) গত বছরের ১৬ নভেম্বর অঞ্জনা খান মজলিশ একটি প্রতিদেন দাখিল করেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের ৪ ধারায় নোটিশ জারির পূর্বের ১২ মাসের সকল দলিল বিবেচনায় নিলে মোট প্রাক্কলন দাঁড়ায় ৫শ ৫৩ কোটি ৭ লাখ সাত হাজার দুইশত নব্বই টাকা। অন্যদিকে একই সময়ের অধিগ্রহণ প্রস্তাবিত ও পূর্বে অধিগ্রহণকৃত দাগ ব্যতীত দলিল বিবেচনায় নিলে মোট প্রাক্কলন দাঁড়ায় ১৯৩ কোটি ৯০ লাখ ৬৫ হাজার ৫০৭ টাকা। এ থেকে প্রতীয়মান হয়, অধিগ্রহণ প্রস্তাবিত দাগসূচির ভূমি হস্তান্তর ছিল উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে ভূমির মূল্যহার চরম অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। এতে সরকারের আর্থিক ক্ষতি দাঁড়াবে ৩৫৯ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৭৮২ টাকা। পরে জেলা প্রশাসক ১৮২টি দলিলের মধ্যে উচ্চমূল্যের ১৩৯টি দলিল বাদ দিয়ে ৪৩ দলিল গ্রহণ করেন। একই সঙ্গে ১১৫ নম্বর লক্ষ্মীপুর মৌজার অন্যান্য দলিল বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৬২ একর জমির জন্য ১৯৩ কোটি ৯০ লাখ ৬৫ হাজার ৫০৭ টাকা প্রাক্কলন প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রদান করেন।
এরই মধ্যে সিন্ডিকেট কর্তৃক সম্পাদিত ১৩৯টি দলিল বিবেচনায় নিতে সেলিম খান ভূমি সচিব বরাবর আবেদন করেন। কিন্তু সেই আবেদনেও কাজ না হওয়ায় প্রথমে সিন্ডিকেটের সদস্য জুয়েল হাইকোর্টে একটি রিট করেন। পরবর্তীতে সেলিম খানসহ দু’জন আরও একটি রিট করেন। রিটে ডিসির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি এবং ভিসিকে প্রাক্কলনের ১৯৩ কোটি টাকা ছাড়ের প্রস্তাব অবৈধ ঘোষণার দাবি। এছাড়া ভূমি অধিগ্রণ আইনের ৯(১)(ক) ধারা অনুযায়ী প্রাক্কলন নির্ধারণ করার নির্দেশনা চাওয়া হয়। সেই রিটের চূড়ান্ত শুনানি চলছে।











