সাতকানিয়ায় ব্যর্থতা ঢাকতে ওসি বদল!
হামিদ উল্লাহ,চট্টগ্রাম ব্যুরো : চলতি বছরের ১২ জানুয়ারি সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নিয়ে আসেন মো. আবদুল জলিল। ৭ ফেব্রুয়ারি উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা আর প্রকাশ্যে গোলাগুলির ঘটনা সামাল দিতে না পারায় পুলিশের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও নানা অভিযোগ উঠতে থাকে।
এর মধ্যেই গত বুধবার রাতে ওসি আবদুল জলিলকে ঢাকা সিআইডিতে বদলির পর নতুন সমালোচনা হলো, পানি কেবলই নিচের দিকে গড়ায়। ওসি আবদুল জলিলের বদলির মাধ্যমে নির্বাচনসংক্রান্ত অনিয়মে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা পার পেলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক আমাদের সময়কে বলেন, পুলিশ সদর দপ্তর থেকেই আবদুল জলিলকে সিআইডিতে বদলির আদেশ হয়েছে। প্রকাশ্য গোলাগুলির খবরের মুখে সাতকানিয়া থানা অথবা দক্ষিণ জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা ঝড়ের মুখে পড়বেন এমন আঁচ আগেই পাওয়া গিয়েছিল। তবে এখনো বদলির লিখিত আদেশ হাতে পাননি বলে জানান ওসি আবদুল জলিল।
তিনি গতকাল রাতে আমাদের সময়কে বলেন, আমি সাতকানিয়া থানায় আছি। এখনো এ ধরনের কোনো বদলি আদেশ হাতে পাইনি। তবে এমন কথা শুনছি। এক মাস যেতে না যেতেই বদলি আদেশ প্রসঙ্গে তিনি বলেন, রিজিক যেখানে থাকে সেখানেই যাব। দেখি না কী হয়।
সাতকানিয়া থানার ওসি হিসেবে বদলি হওয়ার আরও আগে আবদুল জলিল পার্শ্ববর্তী লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে ওই এলাকার সরকারদলীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সঙ্গে তার একটি সখ্য গড়ে উঠেছিল। শেষ ধাপে দেশের যে কয়টি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়, সাতকানিয়া তার একটি। এখানে নির্বাচনী প্রচার চলাকালেই একপক্ষ অন্যপক্ষকে প্রকাশ্যে গুলি করার হুমকি দিচ্ছিল বিভিন্ন ইউনিয়নে। নির্বাচনের দিন কোনো একটি অঘটন ঘটবে বলে গণমাধ্যমে বারবার খবর প্রকাশের পরও পুলিশের তৎপরতা ছিল না। ফলে পুুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে। শেষ পর্যন্ত ৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নে প্রকাশ্যে গোলাগুলি এবং এক শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় সেই শঙ্কাই সত্যে রূপ নেয়। সাতকানিয়ার নির্বাচন তদারকিতে ওসি ছাড়াও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল ছিলেন।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা পুলিশের বিরুদ্ধে মাদককারবারিদের সঙ্গে সখ্যতার অভিযোগ ওঠার পর পুরো কক্সবাজার জেলার সব পুলিশ সদস্যকে একযোগে বদলি করা হয়। তখন কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন আফরুজুল হক টুটুল। তাকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়। পরবর্তীতে তিনি বদলি হয়ে চট্টগ্রামে আসেন।
নির্বাচনী সহিংসতাপরবর্তী সময়ে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ শুরু করে। জেলা পুলিশ গোলাগুলির ঘটনায় দুটি বন্দুকসহ দুজনকে এবং শিশু তাওসিফ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে। আর র্যাব অভিযান চালিয়ে গোলাগুলির সঙ্গে জড়িত অবশিষ্ট আটজনকে গ্রেপ্তার এবং গোলাগুলিতে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করে।
তবে অস্ত্র ক্রয়ে অর্থলগ্নিকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ঘটনার পর থেকে খাগরিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আখতার হোসেন ও তার প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন পলাতক। এ ইউনিয়নে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় কাউকেই জয়ী ঘোষণা করা হয়নি।











