রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বল নিরাপত্তায় বিমানের ধাক্কায় দুই গরুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের চাকার ধাক্কায় দুই গরুর মৃত্যুর ঘটনায় দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছে তদন্ত কমিটি। নিরাপত্তা ঘাটতির পাশাপাশি বিমানবন্দর দিয়ে অস্ত্র ও মাদক পাচারে শঙ্কা দেখা দিয়েছে। দুটি গরুর মৃত্যুর ঘটনার পর পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পুলিশ সদর দপ্তরের তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে পাঠানো হয়েছে। এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী এখন ব্যবস্থা নেবে বেবিচক।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কক্সবাজার বিমানবন্দরের মধ্যে রানওয়ের বাইরে বাচ্চারা ক্রিকেট ও ফুটবল খেলে। বিমানবন্দরে গরু ও ছাগলের অবাধ বিচরণ। তা ছাড়া বিমানবন্দরের বেশ কিছুটা জায়গাজুড়ে তারকাঁটার বেড়া দেওয়া আছে। তারকাঁটার বেড়ার অনেক জায়গা কেটে ফেলা হয়েছে। এসব জায়গা দিয়েও সাধারণ জনগণ এবং গরু-ছাগল বিমানবন্দরের রানওয়ে এলাকায় প্রবেশ করে। রানওয়ে সংলগ্ন দক্ষিণ পাশে সরকারিভাবে জায়গা অধিগ্রহণ করা হলেও বাসিন্দারা সেখানে বসবাস করছেন। আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই বসবাস করবে। প্রতিদিনই ওই বাসিন্দারা রানওয়ে পার হয়ে উত্তর পাশে ফিশারি ঘাটে যায়। বিমানবন্দরের সীমানাপ্রাচীর বিরোধপূর্ণ জায়গায় কিছুটা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার জন্য সম্প্রসারণ কাজ চলছে। নতুন দুটি ক্যানোপি ও ভিআইপি টার্মিনাল তৈরির কাজ শেষের দিকে। কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ শেষের পর আন্তর্জাতিক ফ্লাইট আসা-যাওয়া শুরু হলে তা দিয়ে মাদকসহ অন্যান্য চোরাচালানি কর্মকা- ভবিষ্যতে বৃদ্ধি পাবে। কক্সবাজার বিশ্বব্যাপী পরিচিত পর্যটনকেন্দ্র হওয়ায় প্রতিদিন ১২ থেকে ১৪টি বিমান ওঠানামা করে। এতে যাত্রীসংখ্যা থাকে প্রায় এক হাজার। যাদের মধ্যে অনেকেই জাতিসংঘের প্রতিনিধি এবং বিদেশি ডেলিগেট ও এনজিও কর্মকর্তা।

বিমানবন্দরের নিরাপত্তায় থাকা ৫০ জন এপিবিএন পুলিশ যথেষ্ট নয়। বিমানবন্দরের যথাযথ নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিমানবন্দরের নিরাপত্তার সার্বিক দায়িত্বে নিযুক্ত করলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। খুব দ্রুত সীমানাপ্রাচীরের বিরোধপূর্ণ জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ এবং কাঁটাতারের কাটা অংশ নির্মাণ না করলে এ ধরনের নিরাপত্তার সমস্যা আরও বাড়বে।

জানা গেছে, রানওয়ের পশ্চিম পাশে ডেল্টা পোস্টসংলগ্ন সমিতিপাড়ায় ১০/১২টি বাড়ি আছে। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাড়ির মালিকদের জায়গাসংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে। যার কারণে এই সীমানাপ্রাচীর নির্মাণ সম্ভব হয়নি বলে সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে। এই স্থানে আনসারের ডিউটি পোস্ট আছে। রানওয়ের পশ্চিম পাশে এই স্থানে সমিতিপাড়া থেকে নিয়মিত গরু প্রবেশ করে ১৭নং ডেল্টা পোস্টের আশপাশে বিচরণ করে। যার কারণে গত ৩০ নভেম্বর বিকালে দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা ডিউটিতে জেলা পুলিশের তত্ত্বাবধানে মাত্র ৫০ জন এপিবিএন পুলিশ, ১২৯ জন আনসার ও ২০ জন সিভিল এভিয়েশন নিরাপত্তাকর্মী আছেন। ২০২০ সাল থেকে ১৪ এপিবিএনের ৫০ জন পুলিশ সদস্য কক্সবাজার জেলা পুলিশের তত্ত্বাবধানে ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ডিউটি করছেন। সে অনুযায়ী মেইন গেট, প্রবেশ গেট, বাহির গেট, কার্গো এলাকা, রানওয়ে ১৭-এর মাথায় এপিবিএন পুলিশ পোস্ট থাকে। তবে বিমানবন্দরে নিরাপত্তার জন্য তা যথেষ্ট নয়।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আমাদের সময়কে বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রানওয়ে দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের চাকার ধাক্কা লাগে। এতে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। যান্ত্রিক ত্রুটি দেখা গেলেও ওই ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।