,

সাড়ে ৪ ঘণ্টা পর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর শুক্রবার রাত ৯টার দিকে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে এতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সমকালকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুরে জাহিন নিটওয়্যার লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে শুক্রবার প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় প্রতিষ্ঠানটিতে শুধু ২০ জন নিরাপত্তা রক্ষী নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন। তারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, সোনারগাঁও ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে কয়েকশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের যারা আশপাশে বসবাস করেন, তারাও ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে অপর অংশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

জাহিন নিটওয়্যারের মালিক এম জামাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানের নিচতলায় থাকা ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে আমি জানতে পেরেছি। খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানে আসি আমি। তবে আগুনের সূত্রপাত কী থেকে, সেটি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

জামাল উদ্দিন আরও জানান, প্রতিষ্ঠানটিতে রপ্তানির জন্য তৈরি করে রাখা প্রচুর পোশাক মজুদ ছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে। এছাড়া প্রতিষ্ঠানে থাকা যন্ত্রাংশও পুড়ে গেছে। বলতে গেলে একটি প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আগুনে।

নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির তিনটি ভবন রয়েছে। এর দুটি তিন তলা এবং একটি দোতলা। আগুন প্রতিটি ভবনেই ছড়িয়ে পড়ে। ফলে প্রতিটি ভবনে থাকা যন্ত্রাংশের পাশাপাশি তৈরি করে রাখা পোশাক পুড়ে গেছে। প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন বলেও জানান তারা।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের সূত্রপাত তদন্ত ছাড়া বলা যাবে না। ক্ষতির পরিমাণও তদন্তেই উঠে আসবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান