বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে শীর্ষে ঢাকা
অনলাইন ডেস্ক : বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে ফের শীর্ষে অবস্থান করছে ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদন অনুযায়ী, রবিবার দিন ও রাতের বেশির ভাগ সময় বাংলাদেশের রাজধানীর বায়ু ছিল খুবই অস্বাস্থ্যকর।
প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বিশ্বের ১০০টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে ঢাকা শীর্ষে ছিল।বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে ভারতের কলকাতা ও চতুর্থ ভারতেরই আরেক শহর দিল্লি।
এর আগে বায়ুদূষণে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। চলতি বছরের মার্চে ওই তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার। ২০২০ সালের বিশ্বের বায়ুর মানের ওপর ভিত্তি করে ওই তালিকা করে সংস্থাটি। তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তান, ভারত তৃতীয়।
এদিকে হিমালয়ের হিমেল হাওয়া উত্তরাঞ্চল পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় অনেক স্থানে শৈত্য প্রবাহ টের পাওয়া যাচ্ছে। রবিবার তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা চলে আসতে পারে। আর সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি। এ সময়ে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ২০ ডিসেম্বর পর্যন্ত এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর মাসের তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ তীব্রতা পেতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।











