টানা বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সারাদেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। উপকূলীয় অঞ্চলসহ রাজধানীতে গতকাল রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় গতকাল বিকেল থেকে একটানা বৃষ্টি ঝরছে।
সোমবার সকালে ঢাকার অনেক এলাকায় রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে।
আজ রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক কম। সকাল বেলায় রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। কর্মজীবী মানুষ, এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বৃষ্টিতে ভিজে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে জাওয়াদ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সোমবার মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
আবহা্ওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে।
দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্কসংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।











