মুশফিক-ইমরুলের ব্যাটে ‘এ’ দলের জয়
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজে রান পাননি। তাই বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতি নিয়ে অতৃপ্তি ছিল মুশফিকুর রহিমের। যা দূর করতে হাই পারফরম্যান্স দলের (এইচপি) বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একদিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন তিনি। এ পরিকল্পনায় সার্থক মুশফিক। এইচপির বিপক্ষে ম্যাচ জেতানো ফিফটিতে তার প্রস্তুতি হয়েছে ভালোই। অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইচপি-এ দলের সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। এইচপির করা ২৪৭ রান ১৩ বল আগে পেরিয়ে ৬ উইকেটে জিতেছে মুমিনুল হকের দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ‘এ’ দল।
ইমরুল ৮১ বলে ৫ চারে ৬০ রানের ইনিংস খেলেন। মুশফিক ৯১ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া অধিনায়ক মুমিনুল হক ৪৫ বলে ২৯, নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ২৭, মোসাদ্দেক হোসেন ৩১ বলে ২৪, মোহাম্মদ মিঠুন ২৩ বলে অপরাজিত ২৮ রান করেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এইচপি দল জড়ো করে ২৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন তানজিদ হাসান তামিম। অর্ধশতক হাঁকান শাহাদাত হোসেন দীপুও, তার ব্যাট থেকে আসে ৫১ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৩৮ ও অধিনায়ক আকবর আলী ২৮ রান করেন।











