শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মাথাপিছু আয় এখন ১৩১৪ মার্কিন ডলার

news-image

 ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৫১ ভাগ ধরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় এখন ১৩১৪ মার্কিন ডলার দাঁড়িয়েছে। এক অর্থবছরের ব্যবধানে মাথাপিছু আয় ১২৪ মার্কিন ডলার বেড়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিপি’র চূড়ান্ত অনুমোদন দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত বছর আমাদের মাথাপিছু আয় ছিল ১১৯০ মার্কিন ডলার। নমিনাল মূল্যের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অর্থনীতি ৫৮ তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমাদের মাথাপিছু আয় ৩০১৯ মার্কিন ডলার।

তিনি বলেন, দেশে অহেতুক জ্বালাও পোড়াও, হরতাল-অবরোধ না থাকলে আমরা ৭ ভাগ জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও অর্থমন্ত্রীর সহযোগিতায় আমরা ৬ দশমিক ৫১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছি। এটা আমাদের জন্য কম অর্জন নয়।

এনইসি’র তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থ বছরে জিডিপি’র প্রবৃদ্ধি ৬.৫১ ভাগ। মোট জিডিপি’র মধ্যে কৃষি খাতের অবদান ১৫.৫৯ ভাগ, শিল্প খাতের অবদান ২৭.৯৮ ভাগ এবং সেবা খাতের অবদান ৫৬.৪২ ভাগ। এবছর এই তিনটি খাতে প্রবৃদ্ধির হার- কৃষিতে ৩.০৪ ভাগ, শিল্পে ৯.৬ ভাগ এবং সেবায় ৫.৮৩ ভাগ।

অপরদিকে জিডিপি’র আকার চলতি মূল্যে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৩ হাজার ৫৯৯ কোটি টাকায়। গতবছর যা ১৩ লাখ ৪৩ হাজার ৬৭৪ কোটি টাকা ছিল।