রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটিপতি হওয়ার সুযোগ নিয়ে অমিতাভ আবারো হটসিটে

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। শো-এর মূল আকর্ষণ, সঞ্চালকের আসনে অভিনেতা অমিতাভ বচ্চন। দর্শকদের একাংশ এই শো-এর অন্ধভক্ত। শো’তে হাজির প্রতিটা প্রতিযোগি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন হাজার থেকে লক্ষ এমনকি সব প্রশ্নের উত্তর দিলে মিলতে পারে কোটি টাকাও।

আবারও শুরু হচ্ছে সনি টিভির আলোচিত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। করোনা পরিস্থিতিতেও কোটিপতি হওয়ার দুর্দান্ত সুযোগ নিয়ে আসছেন অমিতাভ বচ্চন। ইতিমধ্যে এই রিয়েলিটি শোয়ের টিজার প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই টিজার। আজ সোমবার রাত থেকে শুরু হয়েছে সিজন ১৩–এর অনলাইন নিবন্ধন।

শোয়ের টিজারে দেখা যাচ্ছে, আলোঝলমল পথ পেরিয়ে বিগ বি এগিয়ে আসছেন হটসিটের দিকে। বলছেন, ‘কখনো কি ভেবেছেন আপনার বাস্তবতা আর স্বপ্নের মধ্যে দূরত্ব কতখানি? মাত্র তিন শব্দের ব্যবধান।’ এরপরই অমিতাভ বচ্চন জানালেন কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে আসছেন তিনি। বললেন, ‘১০ মে থেকে শুরু হচ্ছে আমার প্রশ্ন ও আপনাদের রেজিস্ট্রেশন। আমি আর হটসিট অপেক্ষায় আছি আপনাদের। তৈরি থাকুন।’

কেবিসির নির্মাতারা জানিয়েছেন, ভারতের মুম্বাইয়ে এখন শুটিং বন্ধ। তাই নতুন টিজারের ভিডিওটি গত বছর প্রচারিত অনুষ্ঠান থেকেই নেওয়া হয়েছে। ভিডিওর ভয়েস বাড়ি থেকেই রেকর্ড করে পাঠিয়েছেন অমিতাভ বচ্চন।

সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাই প্রক্রিয়া হবে টেলিভিশনে প্রশ্নের মাধ্যমে। এই অনুষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়া বেশ দীর্ঘ। তাই অডিশন এখনই শুরু করে দিচ্ছে তারা। তাদের আশা, মূল পর্বের শুটিংয়ের আগে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র মূল পর্বে পৌঁছানোর জন্য চারটি ধাপ পার হতে হবে। রেজিস্ট্রেশন, স্ক্রিনিং, অনলাইন অডিশন ও পার্সোনাল ইন্টারভিউ। ১০ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সনি টিভিতে অমিতাভ বচ্চন একটি প্রশ্ন করেবেন। প্রশ্নের সঠিক উত্তর পাঠাতে হবে এসএমএস অথবা ‘সনিলিভ অ্যাপ’–এর মাধ্যমে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাই করে তারপর হবে অনলাইন অডিশন। একেবারে শেষ পর্যায়ে সবার সাক্ষাৎকার নেওয়া হবে ভিডিও কলে।

গত বছর করোনা সংক্রমণের কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অনেক পরিবর্তন আনা হয়েছিল। দর্শক ছাড়া অনুষ্ঠিত হয়েছিল কেবিসি। উপস্থাপক অমিতাভ বচ্চন ও উত্তরদাতার মধ্যে ৬ ফুট দূরত্ব বাড়ানো হয়েছিল। কিন্তু এত কিছুর পরও টিমের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি মাথায় রেখেই এবার মূল পর্বের আগের সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে অনলাইনে।