,

ঘাতক চাচাদের বলি সুলতানপুরের ৩ বছরের শিশু রাব্বী

news-image

ভাইয়ে ভাইয়ে বিরোধ। জমি-জলাশয় নিয়ে এ বিরোধে একপক্ষ আরেক পক্ষকে ঘায়েলে বলি করে ৩ বছরের এক শিশুকে। হত্যার পর লাশ বস্তাবন্দি করে ইট বেঁধে পুকুরের পানিতে ডুবিয়ে দেয়। হত্যাকাণ্ডের সময় চিৎকার যাতে না করতে পারে সেজন্য কাগজ পুঁটলি করে মুখে গুঁজে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার এক শিশুর নির্মম এই হত্যারহস্য বের হয়েছে সম্প্রতি। ঘাতক তার চাচারাই। সদর উপজেলার সুলতানপুর মনাই বাড়ির শিশু রাব্বীর লাশ উদ্ধারের পর পরিকল্পনা মতোই এগুতে থাকে সবকিছু। খুনের দায় চাপানো হয় রাব্বীর এক চাচা মীর আবুল বাশার (৫৫) ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই পুত্র মীর মানিক (২৫) ও মীর রতন (২২)-এর ওপর। পুলিশ তাৎক্ষণিক তাদের গ্রেপ্তারও করে। ঘটনার প্রায় এক সপ্তাহ পর বাশারের প্রতিপক্ষ তারই চাচাতো ভাই মীর মো. মিথিল (২৬) পুলিশের হাতে আটক হলে ঘটনা মোড় নেয় অন্যদিকে। সাড়ে সাত মাস পর এই খুনের রহস্য উদঘাটন করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত শিশুটির ফুফাতো বোন ও খেলার সাথী সাড়ে চার বছর বয়সী তাইয়্যেবা’র জবানবন্দিতে চিহ্নিত হয় আসল ঘাতক। মনাইবাড়ির ফুল মিয়ার দুই ছেলে মীর সফিকুল ইসলাম ওরফে সাথিল (২৮), মীর মো. মিথিল (২৬) ও পার্শ্ববর্তী টানচক গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে শাহ আলম (৪৫)কে অভিযুক্ত করে সিআইডি গত ২৩শে এপ্রিল আদালতে এই হত্যার অভিযোগপত্র দেয়। সাথিল ও মিথিল রাব্বীর আপন চাচাতো চাচা। মামলার বাদী মীর সজীবের চাচাতো ভাই। এই ৩ জনের মধ্যে সাথিল ও মিথিল আদালত থেকে অস্থায়ী জামিনে এবং আরেক আসামি শাহ আলম শুরু থেকে পলাতক রয়েছে। ওদিকে শিশুটির পিতা মীর সজীবের দেয়া মামলার এজাহারে অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়া মীর আবুল বাশার এবং তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই পুত্র মীর মানিক ও মীর রতনকে খুনের দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, মীর সাফিকুল ইসলাম সাথিল এবং মীর মো. মিথিল তাদের আরেক সহযোগী শাহআলমকে নিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় বন্দি করে রাতের বেলা বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেয়। আদালতে জমা দেয়া অভিযোগপত্রে সিআইডির পরিদর্শক রিটন রায় চৌধুরী উল্লেখ করেন শিশু রাব্বীর ফুফাতো বোন ও খেলার সাথী তাইয়্যেবার ১৬১ ধারার জবানবন্দি অনুসারে খুনের প্রকৃত রহস্য বেরিয়ে এসেছে। জবানবন্দিতে তাইয়্যেবা জানায়, গত বছরের ৯ই অক্টোবর দুপুরে ঘটনার সময় সে ও রাব্বী খেলা করছিল। তখন সাথিল ও মিথিল তাদের পাশেই ছিল। কিছুক্ষণ পরে সাথিল আদর করে রাব্বীকে বাড়ির এক পাশের পাকা গোয়ালঘরে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয় রাব্বী।
এদিকে রাব্বী নিখোঁজ হওয়ার পরদিন তার বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরদিন (১১ই অক্টোবর, ২০১৪ ইং) বাড়ির পাশের পুকুর থেকে ইটবাঁধা প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় রাব্বীর লাশ উদ্ধার হয়। পরে রাব্বীর বাবা মীর সজীব বাদী হয়ে তার চাচাতো ভাই মীর আবুল বাশার ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই পুত্র মীর মানিক ও মীর রতনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন নিহত রাব্বীর দাদা কুতুব মিয়া, সোনা মিয়া ও ফুল মিয়া আপন তিন ভাই। এর মধ্যে মেজ ভাই সোনা মিয়া জীবিত নেই। সোনা মিয়ার ছেলে আবুল বাশারের সঙ্গে বাড়ির পাশের আট শতক আয়তনের একটি জলাশয় নিয়ে ফুল মিয়া ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অপরদিকে হত্যার সঙ্গে জড়িত সাথিল-মিথিলদের সঙ্গে বাদীর পরিবারের সুসম্পর্ক ছিল। সুসম্পর্ক থাকার কারণে বাদী কখনোই সাথিল-মিথিলদের সন্দেহ করবে না বলে খুনের দায় আবুল বাশারের ওপর ফেলতেই তারা শিশু রাব্বীকে টার্গেট করে।
এদিকে এ ঘটনায় সদর থানায় মামলা হলে প্রথমে মীর আবুল বাশারের দুইপুত্র মীর মানিক ও মীর রতনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্দেহভাজন হিসেবে গত বছরের ১৯শে অক্টোবর মিথিলকে ও ৩রা নভেম্বর সাথিলকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে সাথিল-মিথিলের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী পুলিশ গোয়ালঘর থেকে একটি লোহার ড্রাম ও চারটি অর্ধ-ইট জব্দ করে। গত বছর ১১ই অক্টোবর দুপুরে সুলতানপুরের দক্ষিণ মনাইবাড়ির পাশের পুকুর থেকে শিশু রাব্বীর ইটবাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। চলতি বছরের ১৮ই জানুয়ারি থেকে বাদীর আবেদনের প্রেক্ষিতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত শুরু করে সিআইডি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর