এই জয়ে টানা চতুর্থবারের মতো শেষ চারে গেল আর্জেন্টিনা। এক আসর পর ফাইনালে যেতে এদিনই আরেক কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারানো কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা।
স্কোর লাইন যেমন বলছে ম্যাচ ততটা সহজ ছিল না। মার্তিনেসের গোলের আগ পর্যন্ত ম্যাচে ভালোভাবেই ছিল একুয়েডর। সমতা আনার বেশ কিছু সুযোগও পেয়েছিল দলটি। সেগুলো কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় পরে। যোগ করা সময়ে একজন লাল কার্ড দেখলে শেষ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলে তারা।
‘বি’ গ্রুপের চতুর্থ হয়ে শেষ আটে আসা একুয়েডরকে চেপে ধরে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলের জন্য প্রথম শট নেয় তারাই। তৃতীয় মিনিটে মার্তিনেসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক হেরমান ইসমায়েল গালিনদেস।
ষোড়শ মিনিটে এগিয়ে গিয়ে বাধা দিতে গিয়ে বল কিংবা মার্তিনেসের নাগাল পাননি একুয়েডর গোলরক্ষক। আর্জেন্টাইন স্ট্রাইকারের শট হেড করে বিপদমুক্ত করেন রবের্ত আরবোলেদা। পরের মিনিটে কর্নার থেকে অরক্ষিত হেরমান পেস্সেইয়ার শট একটুর জন্য থাকেনি লক্ষ্যে। দারুণ দুটি সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।
২২তম মিনিটে কার্লোস গ্রেসোর ‘উপহার’ কাজে লাগাতে পারেননি মেসি। মাঝ মাঠ থেকে একুয়েডর মিডফিল্ডারের ব্যাক পাস পেয়ে যান আর্জেন্টিনা অধিনায়ক। তার সামনে ছিলেন কেবল গোলরক্ষক। বাম দিক থেকে দূরের পোস্টে মেসির কোনাকুনি শট ব্যর্থ হয় পোস্টের ভেতর দিকে লেগে। নষ্ট হয় সুবর্ণ সুযোগ।
৩৮তম মিনিটে বাঁ দিক থেকে ক্রসে কাছের পোস্টে ঠিক মতো হেড করতে পারেননি এনের ভালেন্সিয়া। দূরের পোস্টে থাকা এলান ফ্রাঙ্কোও পারেননি পা ছোঁয়াতে। পরের মিনিটে ডি বক্সে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি মার্কোস আকুনা।
৪০তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে এসে নিকোলাস গনসালেসকে বাধা দেওয়ার চেষ্টা করেন একুয়েডর গোলরক্ষক। আলগা বল ধরে মেসি খুঁজে নেন অরক্ষিত দে পলকে। দেখেশুনে বুলেট গতির শটে বাকিটা সারেন এই মিডফিল্ডার। দেশের হয়ে এটাই তার প্রথম গোল।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে দেননি গালিনদেস। মেসির ফ্রি কিকে গনসালেসের হেড ঝাঁপিয়ে ঠেকান একু্য়েডর গোলরক্ষক। ফিরতি বলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট ব্যর্থ করে দেন তিনি।
যোগ করা সময়ে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ভালেন্সিয়া। আনহেল মেনার চমৎকার ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।