বিয়ে করলেন মিলন মাহমুদ
বিনোদন প্রতিবেদক : বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ। কনের নাম মৌরি রহমান। পহেলা মে রাজধানীর উত্তরার একটি রেস্তরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তপু, শাহেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। মৌরি বুয়েটে স্থাপত্য বিষয়ে পড়াশোনা করেছেন। উত্তরা ১২ নম্বর সেক্টরে একটি জিমে নিয়মিত শরীরচর্চা করতেন মিলন। সেখান থেকেই মৌরির সঙ্গে পরিচয় তার। এরপর দুই পরিবারের সদস্যদের সম্মতিতে তাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়। এ প্রসঙ্গে মিলন মাহমুদ বলেন, অনেকটা তাড়াহুড়ো করেই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। দুই পরিবারের আয়োজনেই বিয়েটা হলো। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি।
উল্লেখ্য, মিলন মাহমুদের প্রথম অ্যালবাম ‘ধ্যান’ প্রকাশ হয় ২০০৫ সালে। তার অন্য অ্যালবামগুলো হলো ‘ভালোবাসার আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’, ‘স্বপ্নডানা’, ‘পরবাস’ ও ‘আলিঙ্গন’। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘চলো সবাই’, ‘আরেকটিবার হাতটি ধরো ভালোবেসে’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘লাল সবুজের পতাকা’ প্রভৃতি। শিগগিরই আসছে তার নতুন অ্যালবাম ‘অচেনা শহর’। মিলন মাহমুদ ২০০৯ সালে চলচ্চিত্রে গাইতে শুরু করেন। এ পর্যন্ত ১৬টি ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে ‘চোরাবালি’ ছবির ‘মা’ গানটি প্রশংসিত হয়েছে সবচেয়ে বেশি।











