এ বিজয় গণতন্ত্রের : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। জনগণ বিএনপিকে চায়নি বলে আমাদের সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছে। এ বিজয় গণতন্ত্রের।
বুধবার রাত পৌনে নয়টার দিকে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বয়কট করে ভুল করেছে। এত অল্প সময়ের মধ্যে তাদের প্রার্থী যদি এত ভোট পায় তাহলে তারা কিভাবে বলে যে ভোট কারচুপি হয়েছে। সিটি নির্বাচনে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ৩ লাখ ২৫ হাজার ৮০টি ভোট পেয়েছে এবং ঢাকা দক্ষিণে মির্জা আব্বাস ২ লাখ ৯৪ হাজার ৯১টি ভোট পেয়েছে। এত ভোট পেলে ভোটে কারচুপি হয় কীভাবে? সুতরাং, তারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য নির্বাচন বর্জন করেছে।
তিনি বলেন, তারা চায় না দেশে গণতন্ত্র ধারাবাহিকভাবে চলুক এবং দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হোক। সিটি নির্বাচনে জনমানুষের বিজয় হয়েছে। সন্ত্রাসী-নাশকতাকারীদের নয়।
ঘাতক-সন্ত্রাসীদের থেকে দূরে থাকতে প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানান।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।











