আবারও আন্দোলনের কথা ভাবছে বিএনপি
বিএনপি সিটি নির্বাচনের পর নতুন করে আন্দোলন জোরদার করার কথা ভাবছে। এরই অংশ হিসেবে বিএনপি নতুন করে কর্মসূচি ঘোষণা করবে। ইতোমধ্যে এই বিষয়ে কিছুটা আলাপ-আলোচনা হলেও এখনও চূড়ান্ত হয়নি এজন্য ঘোষণা আসতে কিছুটা সময় লাগছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি বাতিল ও স্থগিত করা হয়নি। তবে এখন কার্যকর নেই বলে নির্বাচনের প্রচারণার শেষদিনে সংবাদ সম্মেলনে দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেটা আবারও কার্যকর করারও বিষয়টি পরিকল্পনায় রয়েছে। হরতালের মতো কোনো কর্মসূচি আসছে কিনা জানতে চাইলে ওই সূত্র জানায়, বিষয়টি নিয়ে ম্যাডাম আলোচনা করবেন এর পরই সিদ্ধান্ত নেবেন। পরে কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে সরকারের একটি সূত্র জানায়, তিন সিটিতে জয়ের পর সরকারও এখন অনমনীয় থাকবে না। কঠোর অবস্থান নেবে। বিএনপির সঙ্গে কোন ধরনের সমঝোতা করবে না সরকার। আবার আন্দোলনেরও কোনো সুযোগ দেবে না। বিএনপি কর্মসূচি ঘোষণা করলেও তা ব্যর্থ করে দেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। তিন সিটি করপোরেশন নির্বাচনের জন্য সরকার কিছুটা নমনীয় হলেও এখন আবার জিরো টলারেন্সে যাবে।
এদিকে খালেদা জিয়া বলেছেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ার কোনো দাবি নেই বিএনপির। কিন্তু নির্দলীয় সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দাবি তাদের। সেটা করার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের পরিকল্পনা পরবর্তী নির্বাচন করবে এই সরকারের অধীনেই। খালেদা জিয়া রোববার সমঝোতার প্রস্তাব দিলেও সেই সম্ভাবনা নাচক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি আবারও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, শুধু জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি বিএনপির। স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের ওই দাবি নেই। খালেদা জিয়া শেখ হাসিনাকে দাম্ভিকতা ছেড়ে সমঝোতায় আসার আহ্বান জানান। শেখ হাসিনা সেই সম্ভাবনা উড়িয়ে দেন।
সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রী বলেন, বিএনপি যতই আন্দোলন করুক আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করুক। তাতে কোনো লাভ হবে না। কারণ তাদের আন্দোলন প্রতিহত করা হবে। আর নির্দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন ২০১৯ সালের নির্ধারিত সময়ের একদিন আগেও হবে না। এই সরকারের মেয়াদ পাঁচ বছর মেয়াদ পূরণ হওয়ার পরই হবে। নির্দলীয় সরকার নয় বিএনপিকে নির্বাচনে আসতে হলে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। এ ব্যাপারে কোনো সমঝোতা হবে না। কোনো ছাড়ও দেয়া হবে না। তারা যদি না আসেন তাহলে ৫ জানুয়ারি নির্বাচন না করে তারা যে ভুল করেছিল সেই ভুল আবারও করবে। সেখানে সরকারের করণীয় কিছু নেই।
খালেদার জিয়া রাজনৈতিক সমঝোতার জন্য চেষ্টা করেন। এজন্য প্রস্তাবও দেন। সমঝোতা চাওয়ার কথার প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে আমি ফোন করেছিলাম, উনি ৬ ঘণ্টা পর ফোন ধরলেন, উনার ফোন ধরতে ৬ ঘণ্টা লাগে। উনার যে কথা, আমার এই জীবনে এরকম মুখ ঝামটা, ঝাড়ি আর খাইনি। উনার ছেলে মারা গেল, আমি গেলাম সহানুভূতি জানাতে। আমার মিলিটারি সেক্রেটারি আগেই ফোন করে জানিয়েছিলেন আমার যাওয়ার কথা। আমি গেলাম, আমি নামতে পারলাম না, উনার গেটে তালা। আমাকে ঢুকতে দিল না, ভেতরে অনেক লোকজন ছিল, একটুকু ভদ্রতাও তো দেখায়নি। তিনি নাকি ইনকেজকশন নিয়ে ঘুমিয়ে আছেন। সেটা তিনি থাকতেই পারেন। কিন্তু তিনি দেখা করতে না পারলেও তার অন্য নেতারা তো ছিলেন। তারাতো বসতে দিতে পারত। বড় গেট দিয়ে ঢুকতে না পেরে ছোট গেট দিয়ে ঢোকার চেষ্টা করলাম কিন্তু সেটাও পারলাম না। সবচেয়ে বড় কথা, খালেদা জিয়ার কথা কে বিশ্বাস করবে, সমঝোতার সম্ভাবনা নাকচ করেন শেখ হাসিনা।
এদিকে আন্তর্জাতিক মহল ও জাতিসংঘ দুদলের মধ্যে সমঝোতার চেষ্টা করে। এজন্য সংলাপেরও তাগিদ দেয়। কিন্তু সেটা হয়নি। এখন তারা কিছুটা বিরতি দিয়েছে। শেখ হাসিনা সমঝোতার সম্ভাবনা নাচক করে দিলেও এর আগে খালেদা জিয়া বলেন, রাজনৈতিক বিষয়ে দেশের ভেতরে নিজেদের মধ্যে প্রকাশ্যে সমঝোতা হতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এ সমঝোতা হতে হবে, রাজনৈতিক কর্মকাণ্ড যা কিছু সব প্রকাশ্যে করতে হবে। খালেদা জিয়া বলেন, আমরা আন্দোলন করছি জাতীয় নির্বাচন নিয়ে। সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন করতে হলে নিরপেক্ষ সরকার দরকার। এজন্য ক্ষমতাসীনদের প্রতি সমঝোতার আহ্বান জানান। এজন্য পরে আন্দোলন করারও ইঙ্গিত দেন।











