শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সিটিতেই জয়ী আওয়ামী লীগ

news-image

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের বর্জনের মধ্যদিয়ে গতকাল সম্পন্ন হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টায় তিন সিটিতেই চলছিল ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিন সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটের দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঢাকা উত্তরের বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ঢাকা উত্তরের মোট ১ হাজার ৯৩টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, উত্তর থেকে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৩৮,৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল বাস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮,৭৫৩ ভোট। ঢাকা উত্তরের সবকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ফলাফল আনছেন নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে ফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসার শাহ আলম।

ঢাকা উত্তরের ডিএনসিসি ৪৮টি ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। সাধারণ ওয়ার্ড ৩৬টি এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ১২টি। নির্বাচনে উত্তর সিটি থেকে মেয়র পদে ১৬ জন, কাউন্সিলর পদে ২৮১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে নির্বাচন কমিশন স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে থেকে প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ ঢাকা দক্ষিণের ফলাফল ঘোষণা করছেন। প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল আনছেন প্রিজাইডিং কর্মকর্তারা। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণের মোট ৮৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৪টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, দক্ষিণ থেকে টেবিল ইলিশ মাছ প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ৬৪,০৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মির্জা আব্বাস মগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩, ৮৩৮ ভোট।

দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন। দক্ষিণ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন, কাউন্সিলর পদে ৩৯০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৭ জন।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে নির্বাচন কমিশন স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল আনছেন প্রিজাইডিং কর্মকর্তারা। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭১৯টি কেন্দ্রের মধ্যে ২০৯ প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, হাতি প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন হাতি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এম মনজুর আলম কমলা লেবু প্রতীক নিয়ে পেয়েছেন ৭২,৯৬৭ ভোট।

৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম সিটিতে ভোটার রয়েছেন ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৩৭ হাজার ৫৩ এবং নারী ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন। এই সিটি থেকে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটে এগিয়ে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক পুরোদস্তুর ব্যবসায়ী। এর আগে তিনি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইয়ের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ‘নতুন ঢাকা’ গড়ার প্রতিশ্র“তি দিয়ে আনিসুল হক নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।

আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালও ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি রাজনীতির বাইরের মানুষ। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর পুত্র তিনি। বয়সে নবীন, পুরোদস্তুর ব্যবসায়ী তাবিথ আউয়াল নির্বাচনি প্রচারণায় বেশ সাড়া ফেলেছিলেন। নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল (চরকা), বিকল্পধারা বাংলাদেশের মাহী বি. চৌধুরী (ঈগল), গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (টেলিস্কোপ), জাসদ সমর্থিত প্রার্থী অভিনেতা নাদের চৌধুরী (ময়ূর), সিপিবি সমর্থিত ক্বাফী রতন (হাতি), নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের প্রাপ্ত ভোট উল্লেখযোগ্য নয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের পুত্র। উত্তরাধিকারী রাজনীতির ফসল সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার নির্বাচনের উল্লেখযোগ্য দিক হচ্ছে,  প্রায় ২১ বছর আগে তার পিতা মোহাম্মদ হানিফ বিএনপি দলীয় প্রার্থী মির্জা আব্বাসকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার বাবার প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই তিনি নির্বাচনে লড়েছেন।

এ অংশে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী মো. সাইফুদ্দিন মিলন (সোফা) বিএনপিনেতা এসএম আসাদুজ্জামান রিপন (কমলালেবু), সিপিবি-বাসদের প্রার্থী বজলুর রশীদ ফিরোজ (টেবিল) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. গোলাম মাওলা রনি (আংটি) নির্বাচনে অংশ নিলেও তাদের প্রাপ্ত ভোট উল্লেখযোগ্য নয়। নির্বাচনের আগে জাসদের প্রার্থী মো. শহীদুল ইসলাম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও বিএনপি-জামায়াত সমর্থিত মনজুর আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গতকাল অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে একমাত্র মনজুর আলমই বর্তমান মেয়র হিসেবে নির্বাচনে অংশ নেন। চট্টগ্রামের তিন বারের কাউন্সিলরের দায়িত্ব পালন করে গত নির্বাচনে আওয়ামী লীগ ছেড়ে বিএনপির সমর্থন নেন মনজুর আলম। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন। চট্টগ্রামের আওয়ামী লীগের ক্যাডার রাজনীতির প্রতীক আ জ ম নাছির ক্রীড়া সংগঠন হিসেবে ব্যাপক জনপ্রিয়। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের নবজাগরণে মূলনায়ক তিনি।

নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী সোলায়মান আলম শেঠ (ডিশ এন্টেনা), বিএনএফের আরিফ মঈনুদ্দিন (বাস), ইসলামী ফ্রন্টের এম এ মতিনসহ (চরকা) আরও কয়েকজন নির্বাচনে অংশ নিলেও তাদের প্রাপ্ত ভোট উল্লেখযোগ্য নয়। গত পাঁচ বছরের দায়িত্ব পালনকালে মনজুর আলমের সীমাহীন ব্যর্থতা থাকার পরও বিএনপি-জামায়াত এবারও তার প্রতি আস্থা রাখে।

তিন সিটি করপোরেশনে নিজেদের সমর্থিত প্রার্থীদের জয়লাভের সম্ভাবনায় ক্ষমতাসীন শিবিরে বইছে আনন্দের বন্যা। দুপুরে দখল ও কারচুরি অভিযোগ এনে তিন সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি-জামায়াত সমর্থিতরা। এর পরপরই নির্বাচনি পরিবেশটি একতরফা হয়ে যায়। ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই দলের নেতাকর্মী ও সমর্থকরা দলীয় প্রার্থীর জয়ে উল্লাস করতে থাকে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের অনুষ্ঠিত তিন সিটির নির্বাচনে অনেকটা জাতীয় নির্বাচনের আমেজ ছিল। উভয় দলই নির্বাচনে তাদের সর্বশক্তি নিয়োগ করে। কিন্তু বিএনপি-জামায়াতের চলমান আন্দোলনের মধ্যে এ নির্বাচনের আয়োজন করে সরকার। আন্দোলনের অংশ হিসেবে ‘আন্দোলন ছেড়ে’ নির্বাচনে অংশ নেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর ফলে তাদের টানা ৯২ দিনের অবরোধ ও হরতালের অবসান ঘটে। যাতে পেট্রল বোমাসহ অন্য দুর্ঘটনায় প্রাণ হারায় ১৪৮ জন সাধারণ মানুষ।