শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা হুমকিতে খালেদা

news-image

ডেস্ক রির্পোট : নিরাপত্তা হুমকিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর গণসংযোগে বিএনপি-প্রধানের গাড়িবহরে পরপর কয়েক দফা হামলার ঘটনায় উদ্বিগ্ন দলের নেতা-কর্মীরা। সরকারি দল মনে করছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা হুমকির মূল কারণ তার গত তিন মাসের ধ্বংসাত্মক রাজনীতি। কেননা এ সময় শতাধিক নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর ক্ষতিগ্রস্তরাই বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা করছে। এ হামলার সঙ্গে সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই।  সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর দফায় দফায় হামলার পাশাপাশি সেনাবাহিনী মাঠে না রাখার সিদ্ধান্তে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কায় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। ভোটের মাঠ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়েও চিন্তার শেষ নেই তাদের। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় বেগম জিয়া। এ কারণেই সব বাধা উপেক্ষা করে প্রচারের শেষ দিন পর্যন্ত দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি-প্রধান। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।  

এদিকে গতকাল বিকালেও নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়ে দল সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামেন বিএনপি-প্রধান। অবশ্য ঢাকা মহানগরীতে দলের সর্বস্তরের নেতা-কর্মীকে সতর্ক রাখা হয়। এর আগে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর হওয়া গাড়িগুলো মেরামতে বিলম্বের কারণে বেগম জিয়া বৃহস্পতিবার গণসংযোগে বের হননি। কারণ হিসেবে অবশ্য বিএনপির সিনিয়র এক নেতা জানান, ‘নিরাপত্তা ঝুঁকি’র বিষয়টি মাথায় রেখেই বৃহস্পতিবার মাঠে নামেননি বিএনপি চেয়ারপারসন। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটা সত্যিই উদ্বেগজনক ও উৎকণ্ঠার বিষয়। গণসংযোগে বিএনপি-প্রধান যে চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তা দেশবাসী সবারই জানা। এত বড় একটি রাজনৈতিক দলের প্রধান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে যদি সাধারণ পুলিশ প্রটেকশনও না দেওয়া হয়, তবে তা সত্যিই দুঃখজনক। এর দায়দায়িত্বও নির্বাচন কমিশন ও সরকারের ওপর বর্তায়।’ বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, সরকারের প্রত্যক্ষ মদদে গত কয়েক দিন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা হয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রত্যক্ষভাবে জড়িত। গণমাধ্যমে এ নিয়ে সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এর পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং সরকারের উচ্চ পর্যায় থেকে হামলাকারীদের উসকে দেওয়া হচ্ছে। একটি গণতান্ত্রিক সরকারের কাছে এটা আশা করা যায় না। ছাত্রলীগ সূত্র জানায়, সর্বশেষ বুধবার বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে সালেহ আহমেদ হৃদয় নামে অস্ত্রধারী এক যুবক অংশ নেন। তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির (ফুয়াদ হাসান-সাকিব হাসানের কমিটি) সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে ওই কমিটি স্থগিত হওয়ার আগেই সালেহ আহমেদকে বিশৃঙ্খলার দায়ে বহিষ্কার করা হয়। 

সূত্রমতে, হৃদয় ছাড়াও ওই হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মাহমুদুল হাসান টিটো, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রমুখ। তাদের নেতৃত্বেই ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেন। প্রকাশ্যে হামলা ও অস্ত্র প্রদর্শনের ব্যাপারে গতকাল পর্যন্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করে তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, ‘যেখানে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা জোরদার করা উচিত, সেখানে তার নিরাপত্তা প্রটোকলে সামনে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান (পাইলট জিপ) প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি বাসা থেকে বেরোলে এখন শুধু পেছনে পুলিশের একটি গাড়ি থাকে। এটা তেমন কোনো কাজে আসে না। আমরা বার বার আবেদন করেও পুলিশি নিরাপত্তা জোরদার করাতে পারছি না।’ সূত্রমতে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার ও প্রচারাভিযানে বাধাসহ নানামুখী চাপে শেষ পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে টিকে থাকতে পারবেন কি না তা নিয়েও দলের ভিতরে-বাইরে নানা ধরনের আলোচনা চলছে। কিন্তু এসব সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকার সব চেষ্টাই চালিয়ে যাবে দলটি। অবশ্য পরিস্থিতি একেবারে নাজুক পর্যায়ে চলে গেলে নির্বাচন থেকে বেরিয়ে আসার চিন্তা-ভাবনাও রয়েছে বিএনপিতে। এর আগে দলের নেতা-কর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন বেগম জিয়া। তা ছাড়া খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ায় দেশি-বিদেশি গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে। এতে সরকারেরই বেশি ক্ষতি হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। গত তিন মাসে আন্দোলনের ফসল ঘরে তুলতে না পারলেও সিটি নির্বাচনের ইস্যুতে ফের মাঠে নামাও যাবে বলে মনে করেন তারা। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপি যাতে নির্বাচনে অংশ না নেয়, তাই ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে সরকার। তা ছাড়া কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম রাখতেই ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মূলত এজন্যই সেনাবাহিনীকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে। সরকার সমর্থকরাও নানাভাবে হয়রানি করছেন। তালিকা করে এজেন্ট হওয়ার মতো নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। চট্টগ্রাম বিএনপির এক নেতা জানান, সিটি নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের অন্তত ২০০ নেতা-কর্মীর তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ এ তালিকা ধরে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই সরকারের নানামুখী উসকানি সত্ত্বেও তাদের সমর্থিত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতাসীনদের নিশ্চিত ভরাডুবি হবে। তাই বিএনপিকে নির্বাচন থেকে সরাতেই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও প্রার্র্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এতে কোনো লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, দল সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে টানা তিন দিন হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। রাজধানীর উত্তরায় রবিবার তিনি প্রথম হামলার শিকার হন। এর পর দিন কারওয়ান বাজার এবং সর্বশেষ মঙ্গলবার বেগম জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয় বাংলামোটরে। এসব ঘটনায় গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। 

তবে গত তিন মাসে খালেদা জিয়ার ধ্বংসাত্মক রাজনীতির কারণে ব্যবসা-বাণিজ্য ছিল স্থবির। ওই সময় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, আন্দোলনের নামে সহিংসতার জন্য খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এ অবস্থায় সিটি নির্বাচন দিয়ে তাকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে।