শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানা প্লাজা ধসের দুই বছর: শ্রমঅধিকার নিশ্চিত করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

bangladesh_garmentডেস্ক রির্পোট : শ্রমঅধিকার আর কর্মপরিবেশের প্রসঙ্গ তুলে বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিপন্নতা নিয়ে আবারও একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। শ্রমিক নেতাদের উপর কারখানা মালিক ও কর্মকর্তাদের বেআইনি দমনপীড়ন বন্ধ এবং পোশাক শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, কারখানা মালিক এবং পশ্চিমা ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের পোশাক কারখানার নিম্নমানের কর্মপরিবেশ এবং শ্রমিক সংগঠনগুলোর উপর দমন-পীড়নসহ মালিকপক্ষের ট্রেড ইউনিয়ন-বিরোধী কৌশলের কথা। আসছে ২৪ শে এপ্রিল রানা প্লাজা ধসের ২য় বর্ষপূর্তিকে সামনে রেখে ‘যারা শির উঁচু রেখেছে, তারাই বেশি ভুগেছে: বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকের অধিকার’ শিরোনামে বুধবার নিজেদের ওয়েবসাইটে ৭৮ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।

প্রতিবেদনে এশিয়ায় নিয়োজিত হিউম্যান রাইটসের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘রানা প্লাজা ধসের মত এমন ভয়াবহ ঘটনা এড়াতে চাইলে বাংলাদেশে শ্রমিক আইন শক্তিশালী করার পাশাপাশি পোশাক কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা ইস্যুগুলোতে নিজেদের কন্ঠস্বর জোরালো করতে শ্রমিকরা যেন ভয় না পায় তা নিশ্চিত করতে হবে। কারখানার যে সকল ম্যানেজাররা শ্রমিকদেও গায়ে হাত তোলেন শ্রমিক ইউনিয়ন করার অদিকারকে অস্বীকার করেন তাদেও জবাবদিহিতার মুখোমুখি করা উচিত।’

হিউম্যান রাইটস জানায়, ৪৪টি কারখানার ১৬০ জন শ্রমিকের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। কারখানাগুলোর বেশিরভাগই উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠানের জন্য পোশাক তৈরি করছে।

প্রতিবেদনে বলা হয়, শারীরিক নির্যাতন, গালাগালি, জোরপূর্বক ওভারটাইম করানো, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি প্রদানে অস্বীকৃতি এবং সময়মত পুরো পারিশ্রমিক ও বোনাস দিতে ব্যর্থ হওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করেছেন শ্রমিকেরা। সাম্প্রতিক শ্রম অধিকার আইন সংস্কারের পরও যেসব শ্রমিকরা শ্রমিক সংগঠন গড়তে চায় তাদেরকে কারখানা কর্তৃপক্ষের বিভিন্ন হুমকি-ধামকি ও নির্যাতনের স্বীকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা।
তবে শ্রমিক সংগঠনগুলো অযৌক্তিক আচরণ করে উল্লেখ করে তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন এক বিজিএমই নেতা। হিউম্যান রাইটসের কাছে তিনি অভিযোগ করে বলেন, ‘শ্রমিক সংগঠনের ব্যাপারে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তারা মনে করে, কাজ না করলেও তাদের বেতন দিতে হবে।’ তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি হিউম্যান রাইটস ওয়াচ।

শ্রমিকদের অধিকার সুরক্ষার প্রাথমিক দায়িত্বটি বাংলাদেশ সরকারের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজা ভবন ধসের পর কারখানা পরিদর্শনসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার। তবে হিউম্যান রাইটস ওয়াচ তাতে পুরোপুরি সন্তুষ্ট নয়। কারখানায় শ্রম অধিকার রক্ষা হচ্ছে কিনা সে ব্যাপারে কার্যকর তদন্ত এবং শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণকারীদের সাজার মুখোমুখি করাসহ বিভিন্ন বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন বলে সুপারিশ করেছে সংগঠনটি। পোশাক কেনার ক্ষেত্রে বিদেশি ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে থেকে যে আচরণ বিধি বেঁধে দেয়া হয় তা কারখানার ম্যানেজাররা মেনে চলেন না বলে হিউম্যান রাইটসের কাছে ক্ষোভ জানিয়েছেন শ্রমিকরা। আর তার উল্লেখ করে পোশাক কারখানায় মানবাধিকারের সুরক্ষায় দায়িত্বপূর্ণ আচরণ করতে মালিকপক্ষ ও বিদেশি ক্রেতাদের আহ্বান জানায় সংগঠনটি।