নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় নিহত-১
নিজস্ব প্রতিবেদক : টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় মোঃ আব্দুল করিম-(৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের ছালাম বাজারে। হামলায় মহিলাসহ দু’জন আহত হয়।
নিহত আব্দুল করিম খান্দুরা গ্রামের অখিল মিয়ার ছেলে। গতকাল রবিবার সকালে জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত স¤পন্ন হয়।
এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, গত শনিবার বিকেলে আব্দুল করিম ছালাম বাজারে গেলে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষ খাদেম আলী ও আহাদ আলীর লোকজন তার উপর হামলা করে। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে আব্দুল করিমকে আহত করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোঃ বাহার মিয়া-(৩০) ও এক মহিলা আহত হয়।
আহত আব্দুল করিমকে আশংকাজনক অবস্থায় প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সন্ধ্যায় তাকে ঢাকায় নেওয়ার পথে নরসিংদী পৌছলে আব্দুল করিম মারা যায়।
এ ব্যাপারে নাসিরনগর থানার এস.আই মোঃ ফজলুর রহমান বলেন, এ ঘটনায় রবিবার বিকেল ৩টা পর্যন্ত থানায় মামলা হয়নি। তিনি বলেন, নিহতের পরিবারের লোকজন জানিয়েছে টাকার লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।











