শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়কে সতর্ক করলেন সুজানা

71912_e3বিনোদন প্রতিবেদক : চার বছর প্রেমের পর গত বছরের আগস্টে বিয়ের পিঁড়িতে বসেন সংগীত তারকা হৃদয় খান ও মডেল-অভিনেত্রী সুজানা। কিন্তু ৮ মাসের সংসার জীবনের অবসান ঘটিয়ে চলতি মাসের ৬ তারিখ আনুষ্ঠানিক ডিভোর্সে যান তারা। মতবিরোধ এবং মনমানসিকতায় অমিলের কারণেই মূলত তাদের বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই বিভিন্ন ধরনের আপত্তিকর অপপ্রচারে হৃদয় লিপ্ত হয়েছেন বলে জানিয়েছেন সুজানা। এ বিষয়ে ইতিমধ্যে সুজানা হৃদয়ের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে এসব অপপ্রচার বন্ধের জন্য সতর্ক করেছেন তাকে। সুজানা ওই এসএমএসে লিখেছেন, ‘মানুষের কাছে যেয়ে যেয়ে এবং ফোন করে আমাকে নিয়ে মিথ্যা এবং বাজে অপবাদ দেয়া তোমার বন্ধ করা উচিত। না হলে আমি অন্য অ্যাকশন নিতে বাধ্য হবো। আমি চাই তুমি ভাল থাকো এবং প্লিজ গেম খেলো না আর।’ হৃদয় সতর্ক না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান সুজানা। এ বিষয়ে তিনি বলেন, আপাতত আমি হৃদয়কে এসএমএস দিয়ে সতর্ক করেছি। এর পরও সে যদি অপপ্রচার বন্ধ না করে, তাহলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমার ধারণা, অন্য কারও ইন্ধনে আমাকে নিয়ে এসব অপপ্রচারে লিপ্ত হয়েছে হৃদয়। আমি এ বিষয়ে অনেকটাই নিশ্চিত। এদিকে বিষয়টি সম্পর্কে হৃদয়ের মন্তব্য জানতে বেশ কয়েকবার তার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।