শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোকতাদির চৌধুরী এম.পির অক্লান্ত প্রচেষ্টায় বাল্লা লোকাল ট্রেন পুনরায় চালু ॥ যাত্রীরা খুশী

train logo....নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন বন্ধ থাকার পর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলপথে চলাচলকারী বাল্লা লোকাল ট্রেনটি পুনরায় চালু  হয়েছে।  প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট  মুক্তিযোদ্ধা, লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির অক্লান্ত প্রচেষ্টায় গত ১ এপ্রিল থেকে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। ট্রেনটি প্রতিদিন সকালে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে সকাল ৮টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌছে। অপরদিকে ফিরতি পথে ভৈরব থেকে ছেড়ে এসে দুপুর পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌছে।
ট্রেনটি চালু হওয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর, মুকুন্দপুর এলাকাসহ আখাউড়া উপজেলার শিক্ষার্থীরা ট্রেনে চড়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আসতে পারে। শুধু শিক্ষার্থীই নয় ট্রেনটি দিয়ে প্রতিদিন ওইসব এলাকার প্রচুর চাকুরীজীবি ও ব্যবসায়ীসহ সাধারণ লোকজন ব্রাহ্মণবাড়িয়া আসেন। ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ওইসব এলাকার শিক্ষার্থী, চাকুরীজীবিসহ সাধারণ লোকজন জেলা সদরে আসতে ভোগান্তিতে পড়ে। তাদের ভোগান্তি  লাঘবে উদ্যোগ নেন মোকতাদির চৌধুরী এম.পি। তিনি অনেক চেষ্টা তদ্বির করে ট্রেনটি পুনরায় চালু করেন। এদিকে ট্রেনটি চালু হওয়ায় সংশ্লিষ্ট রেলপথের যাত্রীরা খুবই খুশী। তারা মোকতাদির চৌধুরী এম.পিকে অভিনন্দন জানিয়েছেন।