ব্রাহ্মণবাড়িয়ায় ১ সপ্তাহে ৬ খুন
বাহারুল ইসলাম মোল্লা : ব্রাহ্মণবাড়িয়ায় ১ সপ্তাহে ৬ খুনের ঘটনা ঘটেছে। এতে আতংকিত হয়ে পড়েছে জেলাবাসী। সর্বশেষ গত সোমবার ১৩ এপ্রিল সকালে কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্র মোঃ রহমত উল্লাহ (১৪) এর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ হয় লেশিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রহমত উল্লাহ। সোমবার সকালে বাড়ির পাশের জমিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত শনিবার (১১ এপ্রিল) আখাউড়ার নারায়নপুর এলাকা থেকে কামাল মিয়া (২৮) নামে এক যুবকের হাত-পা বাঁধাও মুখে কাপড় পেচানো অবস্থায় লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত কামাল মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের ফুল মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, কামাল মিয়া আখাউড়ায় শ্বশুর বাড়িতে থেকে ভাইদের টাকায় উপজেলার নারায়নপুর গ্রামে জায়গা কিনে একটি বহুতল বিশিষ্ট বাড়ি নির্মান করছিলেন। শনিবার সকালে স্থানীয় লোকজন বহুতল বিশিষ্ট ভবনের নীচতলায় হাত-পা বাঁধা কামাল মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী আখাউড়া থানার এস.আই মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশের হাত ও পা রশি দিয়ে এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
গত ৯ এপ্রিল সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল থেকে শিশু সাজিদ উল্লাহ (৫) এর লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। ৮ এপ্রিল পৌর এলাকার কাউতলী গ্রামের উত্তর পাড়ার একটি জমি থেকে প্রবাসী মনির হোসেন-(৩০) এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ৭ এপ্রিল সরাইল উপজেলার ইসলামবাদ গ্রামের একটি খাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। একই দিনে নবীনগর উপজেলার সোহাতা গ্রামের একটি হাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ওই ২ যুবককে খুন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযুষ কান্তি আচার্য বলেন, অব্যাহত খুনের ঘটনায় আমরা আতংকিত। আমরা জনগনের জানমালের নিরাপত্তা দাবি করি।











