খালেদার প্রচার অভিযান ঠেকাতে কৌশলী হবে আ. লীগ
ডেস্ক রির্পোট : আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন, চলমান রাজনীতির কৌশল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রচার অভিযান, দলে প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভাটি কাল বুধবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনী প্রচারে বিএনপি সমর্থিত প্রার্থীদের ‘ঘায়েল’ করতে উন্নয়ন প্রতিশ্র“তির পাশাপাশি রাজনৈতিক ইস্যু সামনে আনতে চায় দলটি।
বিকাল ৫টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে খালেদা জিয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চান। বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে ‘নীরব বিপ্লব’ ঘটানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই ‘নিরব বিপ্লব’ ঘটানোর আহ্বান সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ ব্যাপারেও আলোচনা হবে বা হতে পারে। তবে কী কথা হবে আমি জানি না। তবে এটা এভাবে বলতে পারেন না খালেদা জিয়া। অবশ্যই আন্দোলনের নামে সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যার কথা আলোচনা হবে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যার রাজনীতিকে জনগণ ‘না’ বলেছে। একটি রাজনৈতিক দল কিভাবে মানুষ পোড়ানোর রাজনীতি করে? আবার তারা সিটি করপোরেশন নির্বাচনে জনগণের কাছে ভোট চাইবে কীভাবে?
স্থানীয় নির্বাচনে দলের ব্যানারে প্রচারের সুযোগ না থাকায় ‘সহস্র নাগরিক কমিটি’র ব্যানারে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চালাবে আওয়ামী লীগ। দলটি সিটি করপোরেশন নির্বাচনি প্রচারে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা, পেট্রলবোমা নিক্ষেপ করে ট্রাক ও গাড়িচালকসহ যাত্রীদের হত্যা এবং সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলার বিষয়গুলো তুলে ধরবে। খালেদা জিয়ার প্রচার অভিযান ঠেকাতে কৌশলী হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।
সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, সে জন্য নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট বিভাগে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দল প্রধান হলেও খালেদা জিয়া নির্বাচনি প্রচারে সভা-সমাবেশ করতে পারবেন।
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের কাছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তি নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। দল প্রধান হিসাবে খালেদা জিয়াও প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না। এটা দলীয় নির্বাচন নয়। ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করতে পারবেন, দলীয় প্রধান হিসাবে নয়।
আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, সিটি নির্বাচনে প্রচার করা হবে যে সাধারণ মানুষ হত্যার দায়ে খালেদা জিয়া ভোট চাইতে পারেন না। খালেদা জিয়া যেসব স্থানে সভা-সমাবেশ করতে যাবেন, তার আগে-পরে সেসব স্থানে পেট্রলবোমায় হতাহতদের ছবি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ ও সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ করা হবে।
জানা গেছে, সজীব ওয়াজেদ জয় মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় তিনি নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিবকেও (ববি) নির্বাচনী প্রচারে নামানোর কথা ভাবা হচ্ছে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী প্রচারে নামার সুযোগ না থাকায় ববিকে মাঠে নামানোর চিন্তা-ভাবনা হচ্ছে। ববির ব্যাপারে তরুণ সমাজের আগ্রহ আছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, এটি ‘সন্ত্রাস-নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলো’র নির্বাচন। দেশকে উন্নয়নের পথে রাখতেই সন্ত্রাস ও জঙ্গিবাদী শক্তিকে নির্মূল করতে হবে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নির্বাচনী প্রচারণায় গত তিন মাস বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতাল চলাকালে ‘নাশকতা ও সহিংসতা’ তুলে ধরা হবে। ৯৩ দিনের আন্দোলনে ‘আমরা যা পেলাম শিরোনামে’ পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হতাহতদের ভয়াবহ ছবি দিয়ে পোস্টার ও প্রচারপত্র তৈরি করা হয়েছে।
এছাড়া কবি সৈয়দ শামসুল হককে আহ্বায়ক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছকে সদস্যসচিব করে সোমবার সহস্র নাগরিক কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
এর আগে ‘ঢাকা নাগরিক সমাজ’-এর ব্যানারে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার শুরু হয়েছিল। ঢাকা নাগরিক সমাজ এখন সহস্র নাগরিক কমিটিতে রূপান্তরিত হলো।
একাধিক সূত্র জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই এবার সিটি করপোরেশন নির্বাচনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতাকে এগিয়ে নেওয়ার’ কথা ভোটারদের সামনে তুলে ধরা হবে।
নির্বাচনী আচরণবিধির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের মন্ত্রীরা নির্বাচনী প্রচারে থাকতে পারছেন না। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার দলের সিনিয়র নেতাদের প্রচারে নামার সুযোগ থাকায় তাদের কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কয়েকদিন ধরে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে ও হচ্ছে।
সূত্র জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনের বিষয়ে প্রচারণা কৌশল এবং নির্বাচনের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনী ইশতেহার, প্রচারপত্র, প্রচারকৌশল, নির্বাচনী কমিটি গঠন, সবকিছুই তার পরামর্শে করা হয়েছে।
ঢাকা উত্তরে আবদুর রাজ্জাক, দক্ষিণে ফারুক খান এবং চট্টগ্রামে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রধান করে তিনটি নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। ঢাকায় ১৫টি সংসদীয় আসন ধরে ১৫টি কমিটি করা হয়। এসব কমিটি এলাকাভিত্তিক নির্বাচনী প্রচার চালাবে।
আমাদের সময়.কম











