শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসান হচ্ছে সিম রিপ্লেসমেন্ট জটিলতার

Untitled-1-copy3-400x320প্রযুক্তি ডেস্ক : তিন হাজার কোটি টাকার সিম রিপ্লেসমেন্ট (প্রতিস্থাপন) জটিলতার অবসান হতে যাচ্ছে। অবশেষে দীর্ঘদিন ধরে চলা এ সমস্যা সমাধানে চারটি মোবাইল ফোন অপারেটর এ সুযোগ আনছে। এর আগে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত থ্রিজি নিলাম অনুষ্ঠানের আগে এ সংক্রান্ত একটি সমাধান হলেও নিলামপরবর্তী সরকারের তরফ থেকে উল্টো প্রতিক্রিয়া দেখালে আবারও সমস্যার সৃষ্টি হয়।
এদিকে ৩০ এপ্রিল বিটিআরসির টুজি ও থ্রিজির অতিরিক্ত তরঙ্গ নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার আগে বেঁকে বসে মোবাইল অপারেটররা। ফলে অনেকটা বাধ্য হয়েই আবার সিম রিপ্লেসমেন্ট জটিলতার অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহ¯পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে এনবি আর, বিটিআরসি ও মোবাইল অপারেটররা বৈঠক করেন। এ সময় অর্থমন্ত্রী বিষয়টির নিষ্পত্তির আশ্বাস দেন। বৈঠকে নিজেদের পাওনা টাকার অংক পুনঃপর্যালোচনা করে দেখতেও রাজি হয় এনবি আর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে তিন পক্ষ যুক্তিতর্ক শেষে অর্থমন্ত্রী এ বিষয়ে দ্রুত একটি চূড়ান্ত প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দেন। মোট করের একটি যৌক্তিক পরিমাণ নির্ধারণ করতেও এনবি আরকে নির্দেশনা দেন। এতে এনবি আরের দাবি করা করের সুদ বাদ দিয়ে মূল টাকা দুই হাজার কোটি টাকা আদায়ের কথা বলেন অর্থমন্ত্রী। একইসঙ্গে চূড়ান্ত পাওনা অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে মোবাইল অপারেটরদের বলা হয়েছে। বৈঠকেই নিজেদের আগের দাবি করা কর পুনঃপর্যালোচনা করতে সম্মত হয়েছে এনবি আর।
তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে দীর্ঘদিন থেকে ঝুলে থাকা বিষয়টি সুরাহার জন্য অর্থমন্ত্রীর দ্বারস্থ হন অপারেটররা। এনবি আরের সর্বশেষ পাওনার রিপোর্ট বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠিও দেয় তারা। অর্থমন্ত্রীর নির্দেশে মার্চের প্রথম সপ্তাহে অপারেটরের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসে এনবি আর। বৈঠকে সংস্থার তৎকালীন চেয়ারম্যান গোলাম হোসেন গ্রহণযোগ্য একটি সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে রিপ্লেসকৃত প্রতিস্থাপনকৃত সিমগুলোর প্রকৃত ব্যবহারকারী চিহ্নিত করতে বিটিআরসিকে দায়িত্ব দেয়া হয়। সিমের প্রকৃত ব্যবহারকারী সম্পর্কে নিশ্চিত হয়ে তা চূড়ান্ত করবে বিটিআরসির কারিগরি কমিটি। পরে এনবি আরও বিষয়টি পরীক্ষা করে দেখবে। ওই বৈঠকেও নিজেদের পাওনার হিসাব পর্যালোচনা করে দেখতে রাজি হয় এনবি আর।
এদিকে এ বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় পূর্বনির্ধারিত ৩০ এপ্রিলের স্পেকট্রাম নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকছে অপারেটরগুলো। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অংশ না নেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও নিয়ন্ত্রণ সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে। অপারেটররা নিলাম বয়কট করার পর ৩০ এপ্রিলের পরিবর্তে নিলাম অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয় ২০ মে। জানা গেছে, টুজির ক্ষেত্রে বাংলাদেশে অপারেটররা ১৮০০ মেগাহার্টজ ও থ্রিজির ক্ষেত্রে ২১০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে। বিটিআরসির কাছে বাড়তি ১০.৬ মেগাহার্টজ স্পেকট্রাম আছে। নিলাম থেকে ৫ হাজার কোটি টাকার মতো আয় করার পরিকল্পনা রয়েছে।
অনুমোদিত নীতিমালা অনুযায়ী, ১৮০০ মেগাহার্টজের নিলামের ভিত্তিমূল্য তিন কোটি ইউএস ডলার বা ২৩৪ কোটি টাকা। ২১০০ মেগাহার্টজের ভিত্তিমূল্য ২ কোটি ২০ মিলিয়ন ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা। প্রসঙ্গত, তিন বছরের বেশি সময় ধরে দেশের শীর্ষ মোবাইল অপারেটরদের কাছে প্রতিস্থাপন বাবদ ৩ হাজার কোটি টাকার বেশি কর দাবি করে আসছে এনবি আর। তবে বরাবরই এ দাবি অযৌক্তিক বলে আসছে অপারেটররা। এ বিষয়ে এনবি আর, অপারেটর ও বিটিআরসির সমন্বয়ে কমিটিও গঠিত হয়। বেশ কয়েকবার কমিটির সদস্যরা এ নিয়ে বৈঠকও করে। তবে দুই পক্ষই নিজেদের দাবিতে ছিলেন অনড়। এনবি আর তাদের পাওনা দাবি করে কোনো ধরনের ছাড় দিতে রাজি হয়নি। অপরদিকে মোবাইল অপারেটররা ছিলেন সিদ্ধান্তে অটল। এসব জটিলতা নিরসন না হলে সম্প্রতি থ্রিজি তরঙ্গ নিলামে অংশ নেবে না বলেও জানায় অপারেটররা। এতে বিষয়টি দ্রুত নিষ্পত্তি অপরিহার্য হয়ে পড়ে। কেননা নিলামে অংশ না নিলে সরকারের কমপক্ষে ৫ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছে।