শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমান সুযোগ চান প্রার্থীরা

Dhaka city**সেনা মোতায়েন, অস্ত্র উদ্ধার, পুলিশী হয়রানী বন্ধের দাবি**ইসির বিরুদ্ধে অভিযোগের পাহাড় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের**বক্তব্যের সময় ব্যাপক হট্টগোল, তোপের মুখে সিইসি**

দেলওয়ার হোসাইন : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে মতবিনিময় সভায় সেনা মোতায়েনসহ প্রচারণায় সমান সুযোগ চেয়েছেন। একই সঙ্গে তারা বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধার, প্রার্থীদের অযথা হয়রানি না করা, ইসি বেশি কথা বলে বিতর্কিত না হওয়া, নির্বাচনী ব্যয়ে সচ্ছতার জন্য প্রতি ওয়ার্ডে কমিটি গঠন করা, সময় ও স্থান অনুযায়ী সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে প্রচার করা, পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন। প্রার্থীরা এই দাবি জানানোর সময় হট্টগোল শুরু করেন। এতে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিব বারবার শান্ত হওয়ার জন্য অনুরোধ জানালেও প্রার্থীরা কেউ কারো কথা শুনেননি। এক পর্যায়ে প্রার্থীদের তোপের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

গতকাল রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কেআইবি কমপ্লেক্সে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় এসব দাবি জানান সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব সিরাজুল ইসলাম।

সভার শুরুতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন মতামত জানাতে চান ইসি সচিব সিরাজুল ইসলাম।

শুরুতেই মেয়র প্রার্থী আনিসুজ্জামান খোকন বলেন, এটা নির্বাচন হচ্ছে না প্রহসন হচ্ছে। প্রচারণা দেখে মনে হচ্ছে দুই একজন প্রার্থী নির্বাচন করছে। তাহলে বাকি ১৪ প্রার্থীর কি দরকার?   নির্বাচনে প্রার্থীরা গণমাধ্যমে প্রচারণায় সমান সুযোগ পাচ্ছেন না। এতে ইসি’র কোনো মনিটরিং নেই। ফলে হেভিওয়েট প্রার্থীরা বেশি সুযোগ পাচ্ছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমার মরা খবরও প্রচার করবেন না। অথচ আমি একজন সাবেক সংসদ সদস্য। এতে সভার শুরুতেই হট্টগোল শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা শাহ আলম প্রার্থীদেরকে বার বার হট্টগোল বন্ধ করার জন্য বললেও প্রার্থীরা হট্টগোল করতেই থাকেন। শাহ আলম বলেন, প্লিজ, আপনারা চুপ করেন, চুপ করেন।

মাহি বি চৌধুরী ইসির উদ্দেশ্যে বলেন, আপনারা প্রয়োজনের অতিরিক্ত কথা বলবে না। যতটুকু বলবেন সে অনুযায়ী কাজ করবেন। না হলে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবেন। নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা। কিন্তু কোন প্রার্থী কত ব্যয় করছেন, এ বিষয়ে ইসি’র কোনো মনিটরিং নেই। তাই প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি করে তা তদারকি করতে হবে। এক্ষেত্রে কে কখন অভিযোগ দেবেন, সে ভরসায় তাকিয়ে থাকলে চলবে না। নির্বাচন যেন বিত্তবানদের অর্থের লড়াইয়ে পরিণত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমাকে যে সমর্থন দিয়েছে ২০ দলীয় জোট ও আদর্শ ঢাকা গড়ার আন্দোলন। তাদের অনেক নেতাকর্মী জেলে রয়েছে এবং মামলা দিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। এর ফলে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। তাই ইসিকে তাদের জামিনের ব্যবস্থা করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আগে বৈধ ও অবৈধ অস্ত্রসমূহ জমা নেয়া হয়। কিন্তু ঢাকা সিটি নির্বাচনে এখনো এই অস্ত্রসমূহ জমা নেওয়া হয়নি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্রসমূহ জমা নেওয়ার জন্য অনুরোধ করছি। বের হয়ে আসার সময় সাংবাদিকদেরকে তাবিথ বলেন, ঢাকা সিটি নির্বাচনে সেনা বাহিনী মোতায়েনের জোড় দাবি জানাচ্ছি।

জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী বাহাউদ্দীন আহমেদ বাবুল বলেন, আমরা যা বলছি আপনারা তা করতে পারবেন না। এখানে এসে অযথা শুধু সময় নষ্ট করছি। এরচেয়ে মাঠে ভোটারদের কাছে ভোট চাইলে অনেক ভালো হতো।

এরপর শেখ শহিদুজ্জামান বলেন, নির্বাচনে যেন কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত রাখা হয়। আমাদের কথাও যেন জনগণের কাছে পৌছানো হয়।

কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমি আনিসুজ্জামানের সঙ্গে একমত, প্রহসনের নির্বাচন করলে চলবে না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দিতে হবে এবং প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে মনিটরিং করতে হবে।

নাদের চৌধুরী বলেন, মনোনয়নপত্র বাছায়ের দিন রিটার্নিং কর্মকর্তা একজন প্রভাবশালী প্রার্থী বিষয়ে ট্যাক্স কর্মকর্তার কাছে জানতে চাইলেন। ঐ প্রার্থীর ট্যাক্সের হিসাব ঠিক আছে কি না? ট্যাক্স কর্মকর্তা তার হলফনামা একবার চোখ বুলিয়ে বললেন হ্যাঁ ঠিক আছে। আমার প্রশ্ন কিভাবে সম্ভব্য একবার চোখ বুলিয়ে ট্যাক্সের হিসাব ঠিক বলে দেয়া যায়। অথচ আমরা যারা দরিদ্র প্রার্থী তারা সারাদিন ট্যাক্স কর্মকর্তাদের পিছনে ঘুরেছি। ইসি’র ভেতরে সমন্বয়হীনতা রয়েছে। এসব দূর করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ইসির নিয়ম অনুযায়ী ৭ এপ্রিলের আগে নির্বাচনী প্রচারণার কোন সুযোগ ছিলনা। কিন্তু অনেক প্রার্থী প্রচারণা চালিয়েছে। এতে ইসির কাছে যে প্রত্যাশা ছিল সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়নি। আমরা জানি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এর ক্ষমতা সীমিত। তারপরও যতটুকু ক্ষমতা আছে ততটুকু যথাযথভাবে প্রয়োগ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পর্দার অন্তরালে পেশি শক্তি ব্যবহার ও নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের যে ক্ষমতা রয়েছে, তার মধ্যে থেকেই প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে। সব প্রার্থীর জন্য যেন সমান সুযোগ রাখা হয়, সে বিষয়ে পুলিশ বাহিনীকে খেয়াল রাখতে হবে।

মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, প্রচার-প্রচারণায় সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়কে ব্যবহার করে বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে ইসিকে। সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীদের নাম বলার ক্ষেত্রে দুই তিনজনের নাম বলে। এসময় ইসি সচিব তার কথা সংক্ষিপ্ত করতে বললে মজলিস বলেন, আমি সঠিক কথা বলছি আমাকে বলতে দেন। নির্বাচন কমিশনকে সবার জন্য সমানভাবে কাজ করতে হবে এসময় আবার ইসি সচিব বলেন, আপনি প্রাসঙ্গিক কথা বলেন, তিনি বলেন আমি প্রাসঙ্গিক কথাই বলছি।

আব্দুল্লাহ আল ক্বাফি রতন বলেন, প্রধানমন্ত্রী গণভবনে আনিসুল হককে প্রার্থী ঘোষণা করেন। এরপর আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ করি। কিন্তু ঐ দিন রাতে ২.৩০টায় পুলিশ আমার বাসায় অভিযান চালায়। এজন্য ডিএমপি কমিশনারের উদ্দেশ্যে বলেন, যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই তাদেরকে যেন হয়রানি করা না হয়। অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য কালো টাকা, পেশি শক্তি ও ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। সরকার দলীয় প্রার্থীদেরকে প্রশাসনিক সুবিধা দেয়া বন্ধ করতে হবে। এছাড়া পুলিশি হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি বন্ধের উদ্যোগ নিতে হবে। তবেই সুষ্ঠু নির্বাচন হবে।

ফজলে বারী মাসুদ বলেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, দেশবাসী আপনাদেরকে কিভাবে গ্রহণ করবে তাই এই নির্বাচন থেকে প্রমানীত হবে। এতে যেন গ্লানি নিতে না হয় সেভাবে কাজ করবেন। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য ভোটগ্রহণের তিনদিন আগে থেকে সেনা মোতায়েন ও প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

জামান ভূইয়া বলেন, যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা সবাই যোগ্য প্রার্থী। প্রার্থীরা অনেক চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এতে কিছু প্রার্থী বিশেষ সুবিধা পাচ্ছে।  নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করলে নির্বাচন সুষ্ঠু হবে না।

শামসুল আলম চৌধুরী বলেন, কিছু প্রার্থী সংসদ সদস্যদের নিয়ে স্কুল শিক্ষকদের সঙ্গে বৈঠক করছে। এতে ভোট কারচুপি হওয়ার সম্ভবনা রয়েছে। এ ধরনের কর্মকান্ড নির্বাচন কমিশনকে বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

এওয়াইএম কামরুল ইসলাম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এতো বেশি প্রতিশ্র“তি দেয়ার দরকার নাই। দুই একটা কথা বলুন এবং সে অনুযায়ী কাজ করুন।

সবশেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক বলেন, সব প্রার্থীর দাবিগুলোর সঙ্গে আমি একমত। প্রার্থীরা যে কথা বলেছে তা অনেক ভেলিড। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি  এসব দাবির যত বেশি সম্ভব পূরণ করতে। মিডিয়া কর্মীদেরও বলছি সব প্রার্থীকে সমানভাবে গুরুত্ব দিয়ে প্রচার করতে। এখন সময় এসেছে নগর পিতা বা নগর বন্ধু নির্বাচনের জন্য।

মেয়র প্রার্থীরা তাদের বক্তব্য শেষ করে প্রধান অতিথি সিইসি কাজী রকিবউদ্দীনের কথা না শুনে উঠে চলে যান। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে চলে যান। এরপরে আরো কয়েক জন মেয়র প্রার্থী চলে যান।

এরপরে সংরক্ষিত নারী কাউন্সিলররা তাদের বিভিন্ন দাবি ও মতামত পেশ করেন, নারী কাউন্সিলররাও সবার জন্য সমান সুযোগ, বিশেষ কোন প্রার্থীর জন্য ইসির পক্ষ না নেওয়া, মামলার হুমকি দিয়ে হয়রানি না করা সহ বিভিন্ন দাবি জানান।

১২,১৩ ও ১৮ নং ওয়ার্ডের প্রার্থী নুরজাহান মনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমাকে হুমকি দিচ্ছে। আমরা এক কর্মী তারা নির্যাতন করেছে। এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ইসিকে অনুরোধ করছি।

১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রার্থী ঝর্ণা বলেন, আমার এক কর্মীকে থানায় গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এজন্য ডিএমপি কমিশনারকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।

নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলররা মতামত দেয়ার সময় আবার হট্টগোল শুরু করেন। রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিব বার বার শান্ত থাকার জন্য অনুরোধ করলেও প্রার্থীরা মাইক্রোফোন নেয়ার জন্য চিল্লাচিল্লি করেন।

সাধারণ কাউন্সিলরাও একইভাবে ইসিকে বিভিন্ন অভিযোগের কথা জানান। ২১ নং ওয়ার্ডের প্রার্থী তুষার আহম্মেদ বলেন, আমি একজন সতন্ত্র প্রার্থী। সংশ্লিষ্ট ওয়ার্ডে আমার অবস্থান অনেক ভালো। কিন্তু প্রার্থী হওয়ার পরে আমার জীবনের হুমকী দেয়া হয়েছে। আমার সন্তান ও স্ত্রীকেও হুমকী দেয়া হয়েছে। এখন আমি নিরাপদে বাসা থেকে বের হতে পারিনা। তাই ডিএমপি কমিশনারের উদ্দেশ্যে বলছি এবিষয়ে যেন ব্যবস্থা নেয়া হয়। এসময় ইসি সচিব বলেন, আপনার কথা ডিএমপি কমিশনার নোট নিয়েছে আশা করি যথাযথ ব্যবস্থা নিবেন।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৬, কাউন্সিলর ২৮০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এছাড়া চার নির্বাচন কমিশনার, ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ইসি’র অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রার্থীরা উপস্থিত ছিলেন।

amadershomoys.com