মহামূল্যবান ইলিশের ক্রেতা কারা ! (ভিডিও)
ডেস্ক রির্পোট : বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে ইলিশ কেনার ধুম পড়েছে। বাজারে ইলিশের যোগানও চোখে পড়ার মতো। তবে দাম চড়া। বছরের অন্যান্য সময় যে ইলিশ প্রতিটি পাঁচশ থেকে ছয়’শ টাকায় বিক্রি হতো বর্তমানে তার মূল্য দুই থেকে আড়াই হাজার টাকা। আবার পাঁচ থেকে ১৪ হাজার টাকা মূল্যের ইলিশও আছে বাজারে। তবে, হাজার টাকার কম মূল্যের ইলিশও আছে। নববর্ষের দিন পরিবার-পরিজন নিয়ে পান্তা ইলিশ, ইলিশ ভাজা ও সরিষা ইলিশের স্বাদ গ্রহণ করতে ক্রেতারা ছুটছেন বাজারে। দাম শুনে হতাশ হয়ে অনেকে ইলিশ না কিনলেও দিন শেষে বাজারে একটি ইলিশ থাকছে না। কারা কিনছেন এই মহামূল্যবান ইলিশ? আমদের ব্রাহ্মণবাড়িয়া ডটকমে অনুসন্ধানে সেই তথ্য উঠে এসেছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, যারা ইলিশ কিনতে এসেছেন তারা কেউ সাধারণ মানুষ নন। বাজার ধরার সঙ্গী সঙ্গে নিয়ে দামি গাড়িতে চড়ে এসেছেন। বাজারে ঢুকেই চলে যাচ্ছেন বড় ইলিশ রাখা আছে এমন দোকানে। পছন্দ হলে দামে আটকাচ্ছে না। কোনো রকম কথাবার্তা সেরে-সেরা ইলিশটি প্যাকেটে ভরছেন। আবার ছোট ইলিশের দোকানেও জটলা লক্ষ্য করা গেছে। কিন্তু ক্রেতা ভিন্ন। বহুক্ষণ ঘুরে অবশেষে উৎসব পালনের উপকরণ হিসেবে বাড়ি নিয়ে যাচ্ছেন ছোট ইলিশ। যা দিয়ে পরিবার পরিজন নিয়ে পালিত হবে নববর্ষের উৎসব।
মোহাম্মদপুর টাউনহল মাছের বাজারে গিয়ে দেখা গেছে, প্রায় অধিকাংশ মাছ ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে মোহনীয় কণ্ঠে চলছে হাঁক-ডাক। ক্রেতারাও ইলিশের দাম জানতে হুমড়ি খেয়ে পড়ছেন। তবে, যারা কিনছেন তারা কেউ সাধারণ মানুষ নয়। হয় বড় মাপের ব্যবসায়ী, না হয় সরকারের বড় আমলা। হঠাৎ দেখা গেল, গাড়ি থেকে নেমে হন্ত-দন্ত হয়ে মাছের বাজারে ঢুকলেন এক ভদ্রলোক। সঙ্গে বাজারের প্যাকেট ধরে আছেন তার কর্মচারি। বড় ইলিশ রাখা দোকানে এসে সামান্য দরদাম সেরে পাঁচ হাজার টাকা দিয়ে কিনলেন দুটি ইলিশ। এক দোকান থেকে অন্য দোকান ঘুরে কিনতে লাগলেন বাজারের সেরা জিনিসপত্র। তার আচরণ দেখে মনে হলো, পুরো বাজারটা কিনে নেবেন। নানান ছলে প্রতিবেদকের সঙ্গে কথা হলো তার। বিভিন্ন কথার এক পর্যায়ে পেশা জানতে চাইলে থমকে যান তিনি। কিছুটা বিব্রত হয়ে উল্টো প্রতিবেদকের পেশা জানতে চেয়ে ভীড়ের মধ্যে এগিয়ে গেলেন। এরপর তার সঙ্গে কথা না হলেও প্যাকেট ধরে থাকা মানুষটি গোপনে জানালেন স্যার সচিবালয়ের বড় কর্মকর্তা। মুহূর্তেই সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল। তার সঠিক পরিচয় জানতে মাছ বিক্রেতাদের সাহায্য চাইলেও কেউ তথ্য দিতে পারলেন না।
আবার বিদেশে স্বজন থাকেন মানে যাদের কাছে বিদেশি মুদ্রা রয়েছে এমন অনেক ক্রেতা মহামূল্যবান ইলিশ কিনছেন অনায়াসে। আর যাদের রয়েছে বা হাতের কামাই তাদের অন্তত ইলিশ কিনতে দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা নয়। এধরনের ক্রেতারাও পিছিয়ে নেই ইলিশ কেনায়।
তবে সচিবালয়ের বড় কর্তা যে দোকান থেকে ইলিশ মাছ কিনেছিলেন সেখানে গিয়ে তার সম্পর্কে তথ্য জানতে চাইলে দোকানি জাহিদ বলেন, মানুষটিকে সব সময় বাজারে আসতে দেখা যায় না। এতো দামে ইলিশ কেনার বিষয়ে জানতে চাইলে জাহিদ বলেন, এটা আবার দাম বেশি হলো, রাজধানীর সোয়ারিঘাটে শোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতো দাম দিয়ে ওই ইলিশ কে কিনলেন জানতে চাইলে ক্রেতা পুলিশ কর্মকর্তা বলে জানান তিনি। তিনি আরও বলেন, সবার ভাগ্যে ১লা বৈশাখের ইলিশ খাওয়া সম্ভব হয় না। যাদের উপরি ইনকাম আছে তারাই পারে দামি ইলিশ খেতে। তিনি বলেন, ইলিশের নিয়মিত কাস্টমার জানিয়েছেন, ১লা বৈশাখ না গেলে তারা আর ইলিশ কিনবেন না। আরেক ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আমরা ইলিশের ব্যবসা করলেও বছরের এই সময়ে দাম বেশি হওয়ায় ইলিশ খাওয়ার কথা চিন্তাও করি না।
বড় ইলিশের দোকানে এবার দেখা গেল সিভিল ইঞ্জিনিয়ার সুখেন্দু শেখর মিত্রকে। তিনি একজোড়া ইলিশ কিনলেন সাড়ে তিন হাজার টাকায়। তার কর্মস্থল সম্পর্কে বলতে রাজি না হলেও তিনি জানান, বছরের একটি মাত্র দিনে সবাইকে নিয়ে আনন্দ করতে দাম বেশি হলেও প্রতি বছর ইলিশ কেনেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইলিশ এসে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, সোয়ারিঘাট ও নিউমার্কেটের পাইকারি বাজারে জড়ো হয় ইলিশ। সেখান থেকে বিভিন্ন বাজারে ইলিশ ছড়িয়ে পড়ে।
রাজধানীর নিউ মার্কেটে গিয়ে দেখা গেল মোহাম্মদপুরের তুলনায় এখানে ইলিশের দাম একটু বেশি। একই ধরণের ক্রেতা পছন্দ মতো ইলিশ কিনে ঘরে ফিরছেন। এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সাবিহা আক্তারকে চার হাজার টাকা দিয়ে এক জোড়া ইলিশ কিনতে দেখা গেল। তিনি বলেন, বাঙালির প্রাণের উৎসবকে উপভোগ করতে দাম বেশি হলেও ইলিশ প্রয়োজন। সন্তানদের ইচ্ছা পূরণের লক্ষ্যে আজকের ইলিশ কেনা বলেও জানান তিনি।
এবার দেখা হলো অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুবকর সিদ্দিকের সঙ্গে। দেশের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন তিনি। তার হাতেই তৈরি হয়েছে দেশের বহু নামি-দামি মানুষ। জীবনের শেষ বেলায় বাজারের দায়িত্বটা তাকেই পালন করতে হয়। প্রতিবেদকের পরিচয় পেয়ে খুশি হলেন তিনি। কারণ, তার ছেলে অনিক’ ডেইলি স্টারের সিনিয়র সাব এডিটর ও ছেলের স্ত্রী দৈনিক সমকালে কাজ করেন। সমাজ গড়ার এই কারিগর নববর্ষ পালনের লক্ষ্যে এক জোড়া ইলিশ কিনেছেন এক হাজার দুই’শ টাকা দিয়ে। অল্প দামে ইলিশ কেনার বিষয়ে জানতে চাইলে নিজের অসামর্থ্যরে কথা জানালেন তিনি। যারা বেশি দামের ইলিশ খাচ্ছেন তাদের বিষয়ে জানতে চাইলে প্রবীণ এই শিক্ষক বলেন, সৎ পথে রোজগার করে বাড়তি টাকা খরচ করা মানুষের সংখ্যা খুবই কম। এসময় সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরেন তিনি।
একশ্রেণির অসাধু সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে গোটা সমাজ ব্যবস্থা। সৎ মানুষেরা যখন দুঃখ-কষ্টে দিন কাটায় ঠিক তখনই অবৈধ রোজগার দিয়ে ফুর্তি করে বেড়ায় সমাজের কিছু দুশ্চরিত্রবান মানুষ।
https://www.youtube.com/watch?v=pWU2wq6lTNU











