তিন বছর পর বিজ্ঞাপনে র্যাম্প তারকা ফারজানা বুবলি
বিনোদন প্রতিবেদক : বিয়ের পর কানাডাতে চলে গিয়েছিলেন র্যাম্প মডেল ফারজানা বুবলি। সেখানেই গত বছরের ৪ জুলাই এক কন্যা সন্তানের মা হন তিনি। কিছুদিন আগে দেশে ফিরেছেন। দেশে ফিরে টিভি নাটক এবং বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেলেও সংসার এবং সন্তান নিয়ে ব্যস্ত থাকায় মিডিয়ার কাজে ফেরা হয়নি বুবলির। তবে অবশেষে ফিরতেই হলো তাকে।
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ললি পপে’র বিজ্ঞাপনে কাজ করার ম্যধদিয়ে তিন বছর পর মিডিয়াতে ফিরলেন ফারজানা বুবলি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাকিব ফাহাদ। গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
ফারজানা বুবলি বলেন, ‘দেশে ফেরার পর থেকে অনেক কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সংসার এবং সন্তান নিয়ে ব্যস্ত থাকায় কাজে ফেরা হয়ে উঠেনি। ললিপপের বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব ভালো লেগেছে। তাই কাজটি করেছি। আশাকরি ভালোলাগবে দর্শকের। ’ পরিচালক শাকিব ফাহাদ জানান খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
এদিকে তিন বছর আগে ফারজানা বুবলি গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। বুবলির একমাত্র সন্তানের নাম আরা জুবায়দা আহসান। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত একজন র্যাম্প মডেল হিসেবে নিয়মিত কাজ করেছেন। তবে বুবলি জানান এখন তিনি মিডিয়াতে নিয়মিত কাজ করবেন। এদিকে গত বৃহস্পতিবার জিটিভির ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানে অতিথি হয়ে অংশগ্রহণ করেছেন। এটি খুব শিগগিরই প্রচার হবে।











