‘ক্লান্তি আমার কাছে ক্ষমা চেয়েছে’
বিনোদন প্রতিবেদক : গান নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। অ্যালবাম, প্লেব্যাক ও স্টেজ এই তিন ধারাতেই নিয়মিত কাজ করছেন তিনি। তবে সবচেয়ে ব্যস্ত তিনি স্টেজ নিয়ে। প্রায় প্রতিদিনই শো করছেন। টানা শো’র পর গত দুদিন খানিক অবসর সময় কাটিয়েছেন তিনি পরিবারের সঙ্গে। গতকাল থেকে আবারও শো’র মহাব্যস্ততা শুরু হয়েছে তার। পহেলা বৈশাখ পর্যন্ত টানা স্টেজ মাতাবেন তিনি দেশের বিভিন্ন স্থানে। এরপর ১৫ই এপ্রিল আঁখি উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। সেখানে ৫ দিনের সফরে যাচ্ছেন তিনি। এই নিয়ে গত চার বছরে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই শিল্পী। সেখানকার প্রবাসীদের কাছে অন্যরকম একটি গ্রহণযোগ্যতা আঁখির সব সময়ই রয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের সফর। অস্ট্রেলিয়া সফর শেষ করেই আঁখি তিন দিনের সফরে যাবেন ওমানে। সেখানে শো করে আবার তিনদিনের জন্য যাবেন মালয়েশিয়ায়। সেখানেও তিন দিনের সফরে যাচ্ছেন। তিন দেশের শো শেষ করে দেশে ফিরবেন আঁখি। সব মিলিয়ে দেশ-বিদেশে নারী কণ্ঠশিল্পীদের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। তবে বছরজুড়ে শো’র এত ব্যস্ততার মাঝেও ক্লান্তির কাছে হারতে শেখেননি তিনি। স্টেজে উঠলেই যেন অন্যরকম এক শক্তি ভর করে তার ওপর। এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, আমি যেহেতু মানুষ তাই ক্লান্তি মাঝে মধ্যেই ভর করার চেষ্টা করে আমার ওপর। কিন্তু শেষ পর্যন্ত ক্লান্তির পরাজয় হয়। কাজের মধ্যে থাকলে আমি আসলে সব ভুলে যাই। ক্লান্তির কাছে নতি স্বীকার করার সময় আমার এখনও আসেনি। বরং ক্লান্তি আমার কাছে ক্ষমা চেয়েছে। এদিকে বেশির ভাগ সময়েই আয়োজকরা বিদেশ সফরে মিউজিশিয়ানদের বাদ দিয়ে কেবল শিল্পীদের আমন্ত্রণ জানান। তবে আঁখির অবস্থান এর বিপরীতে। দেশের বাইরে শো করলে নিজের মিউজিশিয়ানই নিয়ে যান তিনি। এবারও সেটাই হচ্ছে। এ বিষয়ে তার ভাষ্য, নিজের মিউজিশিয়ান ছাড়া এসব সফরে এলে শতভাগ দিয়ে গান গাওয়া যায় না। আমি ট্র্যাকের ওপর গান গাইতে নারাজ। এভাবে আসলে গান গাওয়া যায় না। আমি তরুণ প্রজন্মের শিল্পীদেরও অনুরোধ করবো ট্র্যাকের ওপর গান না করতে। মিউজিশিয়ানসহ শো করলে গান ভাল হবে। এভাবেই আয়োজকদেরও অভ্যস্ত করতে হবে। আর সারা বছর দেশে মিউজিশিয়ানরা আমাদের সঙ্গে বাজায়। তাদের অধিকারও রয়েছে বাইরের সফরে যাওয়ার। আঁখি দেশ-বিদেশের এই সফরের বাইরে সম্প্রতি প্লেব্যাক করেছেন দুটি গানের। এর সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। এর বাইরে কয়েকটি গানও তৈরি করেছেন। তবে সেই গানগুলো বিদেশ সফর থেকে এসে মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন বলে জানিয়েছেন আঁখি। সম্প্রতি দু-একটি অনলাইন আঁখি ভিডিও অ্যালবাম করছেন বলে সংবাদ প্রকাশ করে। এর বিরোধিতা করে আঁখি বলেন, এটা একদমই ভুল সংবাদ। আমি ভিডিও অ্যালবাম করছি না। একটা করে গান ছাড়বো। কারণ, একটি অ্যালবামের ৮-১০টি গান ভিডিও করা সম্ভব নয়। সেটা অনেক বেশি ব্যয়বহুল ব্যাপার। এত শো করেও সেটা অ্যাফোর্ড করা সম্ভব নয়। যে করবে তারটাও প্রশ্নবিদ্ধ হবে। এদিকে আসছে পহেলা বৈশাখটি পরিবার ও শ্রোতাদের সঙ্গে কাটাবেন আঁখি। দুপুর পর্যন্ত স্বামী ও সন্তানদের সঙ্গেই কাটাবেন। আর দুপুরে তিনি শো করবেন ধামরাইতে। সন্ধ্যার পর শো রয়েছে রূপগঞ্জে। এ বিষয়ে আঁখি বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তাই এ দিনটি পরিবারের সঙ্গে কাটাবো দুপুর পর্যন্ত। এরপরের সময়টি বরাবরের মতো গানে গানে কাটবে।











