ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় ৫ শিক্ষার্থী আহত ॥ শিক্ষক আটক ॥ ক্লাশ বর্জন
বাহারুল ইসলাম মোল্লা : ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক পদ নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে হামলা চালিয়েছে বহিরাগতরা। এ ঘটনায় স্কুলের ছাত্ররা ক্লাশ বর্জন করে শ্রেণীকক্ষে ব্যাপক ভাংচুর করে। হামলায় ৫ ছাত্র আহত হয়। গুরুতর আহত রিফাত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আবু বকর নামে এক শিক্ষককে আটক করে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায়।
বিদ্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেমের সরকারি বিধি অনুযায়ী চাকুরীর বয়স পার হওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে দুই বছরের জন্য পুনরায় প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়। দুই বছর পার হওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটি পুনরায় তার চাকুরী আরো ২ বছর বৃদ্ধি করে। বিষয়টি অবহিত হয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রধান শিক্ষক আবুল কাশেমের চাকুরী বৃদ্ধি না করে তাকে সহকারী প্রধান শিক্ষকের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে পত্র দেয়। বোর্ডের চিঠি পেয়ে আবুল কাশেম তালবাহনা শুরু করেন। পরে কুমিল্লা শিক্ষা বোর্ড ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক আবুল কাশেমকে সহকারী প্রধান শিক্ষকের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে আরো দুইটি চিঠি দেয়।
সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিচালনা কমিটি বিলুপ্ত করে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করে। ওই কমিটি সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামালকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন।
পরে এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি শফিকুল আলম উচ্চ আদালতে মামলা করলে উচ্চ আদালত আগের কমিটি বহাল করেন। এর পর থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামালের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলমের দ্বন্দ্ব চলে আসছে।
গত বছরের ৩ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম আবু বকর সিদ্দিক নামের একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়া সদর সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করলে আদালত মোস্তফা কামালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের আদেশসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষক আবু বকর সিদ্দিককে মোস্তফা কামালের দায়িত্ব পালনে কারণ রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে অর্ন্তবতীকালিন নিষেধাজ্ঞা জারী করেন। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের দুই খন্ডকালীন শিক্ষক তানভিরুল ইসলাম ও হাফিজুর রহমানকে কোন কারন ছাড়াই বিদ্যালয় থেকে অব্যাহতি দেন এবং বিদ্যালয়ে নতুন পাঁচজন শিক্ষককে খন্ডকালীন হিসেবে নিয়োগ দেন।
শফিকুল আলম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামালকেও বহিস্কার করা হয়েছে বলে ছাত্রদের জানান। এ ঘটনায় ছাত্ররা উত্তেজিত হয়ে ক্লাশ বর্জন করে দুই শিক্ষকদের অব্যাহতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে ও শ্রেণীকক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলমের পক্ষে নবীনগর উপজেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষক আব্দুর রহিম ও নিজেকে আনসার ভিডিপির সদস্য পরিচয় দেওয়া কবিতা বেগমসহ বেশ কয়েকজন বহিরাগত লাঠি দিয়ে ছাত্রদের বেধম মারধোর করে। এতে ৫জন ছাত্র আহত হয়।
এ ঘটনায় ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হয়ে টায়ারে ও কাগজে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।
খবর পেয়ে পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম ঘটনাস্থলে পৌছে ছাত্রদের দাবি মানার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আবু বকর সিদ্দিক নামে একজন শিক্ষককে আটক করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, সভাপতি কাউকে না জানিয়ে, কোন নিয়ম না মেনে বিদ্যালয়ের পুরাতন দু’জন শিক্ষককে অব্যাহতি দিয়ে নতুন পাঁচজন শিক্ষক নিয়োগ দেন। এ ঘটনায় ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে উঠে। পরে সভাপতির পক্ষে বহিরাগতরা ছাত্রদেরকে মারধোর করে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম বলেন,‘মোস্তফা কামাল যে কমিটির মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছেন সেই কমিটি আদালত বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, খন্ডকালীন দুই শিক্ষক বিদ্যালয়ে কোচিং বানিজ্য করে বলে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিদ্যালয়ের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। তিনি বলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার আবু বকরকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম বলেন, কোন বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে সহকারী প্রধান শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। সে মোতাবেক মোস্তফা কামালই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি বলেন, শিক্ষক আবু বকর স্কুলে বিশৃংখল অবস্থার সৃষ্টি করলে পুলিশ তাকে আটক করে।











