ব্রাহ্মণবাড়িয়ায় দুই লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশুসহ দুই লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে শিশু মোঃ সাজিদ উল্লাহ-(৫) এবং গত বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লৌহ নদী থেকে ইটভাটা শ্রমিক সমদেব বর্মণ- (১৮) এর লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া গ্রামের হোসেন মিয়ার শিশু পুত্র মোঃ সাজিদ উল্লাহ গত ৫ এপ্রিল বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয়।
এ ঘটনায় তার পিতা হোসেন মিয়া বাদি হয়ে ৬ এপ্রিল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জাঙ্গাল গ্রামের একটি জমিতে সাজিদুল্লাহর গলিত লাশ দেখে পুলিশকে খবর দিলে সকাল ৯টায় পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস.আই আবু বকর লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন,‘লাশটি পঁচে প্রায় গলে গেছে। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।
এদিকে গত বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লৌহ নদী থেকে ইটভাটা শ্রমিক সমদেব বর্মণের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লারিন্দ্র বর্মণের ছেলে সমদেব বর্মন স্থানীয় জনতা ব্রিক্স নামে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। গত বুধবার বিকেলে সে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রবের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।











