তিন সেনা কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
ডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জ তথা দেশব্যাপী আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় করা দুটি মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ মণ্ডল গতকাল বিকাল ৫টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে ১৬ পৃষ্ঠার এ চার্জশিট দাখিল করেন। প্রায় ১১ মাস তদন্ত শেষে ৩৫ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২১ জন এবং বাকিরা নূর হোসেন ও তার সহযোগী। তবে এজাহারভুক্ত ৫ জনসহ ১৬ জনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। ৩৫ আসামির মধ্যে ২২ জন গ্রেপ্তার হয়ে কারাবন্দি রয়েছে। আর পলাতক রয়েছে ১৩ জন। এদের মধ্যে ৮ জন র্যাবের ও ৫ জন নূর হোসেনের সহযোগী। তবে নূর হোসেন বর্তমানে কলকাতার একটি কারাগারে বন্দি। দুটি মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে। চার্জশিটের সঙ্গে দুটি বস্তায় ১৬২ ধরনের আলামত আদালতে জমা দেয়া হয়েছে। দুটি মামলায় ২১ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত চার্জশিট নথিভুক্ত করে এর ওপর শুনানির দিন ধার্য করেছেন আগামী ১১ই মে। মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি ও বাদীপক্ষের আইনজীবী জেলা বারের সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেছেন, চার্জশিটের কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। সন্ধ্যা পৌনে ৭টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন প্রেস ব্রিফিংয়ে বলেন, তদন্তে কোন ধরনের ঘাটতি রাখা হয়নি। অত্যন্ত সতর্কতা, স্বচ্ছতা ও ত্রুটিমুক্তভাবে প্রায় ১১ মাস তদন্ত করে চাঞ্চল্যকর এ মামলায় আজ (বুধবার) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেছেন। যদিও ঘটনার ৬ মাসের মাথায় তদন্তের ৯০ ভাগেরও বেশি সম্পন্ন করতে পেরেছি। তদন্তে সব ধরনের সাক্ষ্য-প্রমাণে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাদের বাদ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, চেষ্টা করেছি স্বল্পতম সময়ের মধ্যে এবং তদন্তের কোয়ালিটি ঠিক রেখেই চার্জশিট তৈরি করতে। ঘটনার সঙ্গে ৩৫ আসামির মধ্যে একেকজন একেক ধরনের ভূমিকা রেখেছে। স্থানীয়ভাবে প্রভাব বিস্তার, ব্যবসা নিয়ন্ত্রণ, টাকা-পয়সার লেনদনসহ নানা কারণ ছিল এ অপহরণ ও হত্যাকাণ্ডের পেছনে। মোট কথা সিঙ্গেল কোন কারণ নেই। অনেকগুলো কারণেই ঘটনা ঘটেছে। তবে যার সংশ্লিষ্টতা পেয়েছি তাকেই অভিযুক্ত করেছি। তবে মামলার স্বার্থে পলাতক ১৩ জনের নাম প্রকাশ করেননি পুলিশ সুপার।
বাদী ও বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য: বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালত ১১ই মে শুনানির দিন ধার্য করেছেন। আদালতে দাখিল করা দুটি মামলায় ১৬ পাতা করে চার্জশিটে সাতজনকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে। মামলায় ১৬২ ধরনের আলামত উদ্ধার দেখানো হয়েছে। তিনি বলেন, এজাহারভুক্ত আসামিদের অব্যাহতি বিষয়ে আমরা সন্তুষ্ট হতে পারি নি। তবে চার্জশিট হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। একই কথা বলেছেন মামলার বাদী নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
কারাবন্দি ২২ জন যারা: র্যাব-১১-এর সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানা, ল্যান্স নায়েক বিল্লাল হোসেন, সাবেক এসআই পুর্ণেন্দু বালা, হাবিলদার মো. ইমদাদুল হক, ল্যান্স নায়েক হীরা মিয়া, ল্যান্স করপোরাল রুহুল আমিন, সিপাহি আবু তৈয়ব, কনস্টেবল মো. সিহাব উদ্দিন, রেডিও অপারেটর গেইন (আরওজি) মো. আরিফ হোসেন, এএসআই বজলুর রহমান, এএসআই আবুল কালাম আজাদ, হাবিলদার ও গাড়িচালক নাসিরউদ্দিন, সিপাহি নুরুজ্জামান, বাবুল হাছান, সিপাহি সাবেক সেনাসদস্য আসাদুজ্জামান এবং নূর হোসেনের প্রধান বডিগার্ড মর্তুজা জামান চার্চিল, প্রধান ক্যাশিয়ার আলী মোহাম্মদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল বাশার, মাদক স্পট, জুয়া ও অশ্লীল নৃত্য পরিচালনাকারী রহম আলী ও মিজানুর রহমান।
যারা অব্যাহতি পেলেন: সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, সওজের ঠিকাদার হাসমত আলী হাসু, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, শ্রমিক দল নেতা আনোয়ার আশিক, নূর হোসেনের বডিগার্ড মহিবুল্লাহ, তানভীর আহমেদ, ইয়াসিন শিপন, আলমগীর হোসেন, গাড়িচালক সোনা মিয়া, জুয়েল আহম্মেদ, মিজানুর রহমান, শাহীন, আরিফুজ্জামান সরকার, রফিকুল ইসলাম ও রিয়াজ।
ফ্ল্যাশব্যাক: গত বছরের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম আদালতে হাজিরা শেষে ফেরার পথে নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের অদূরে র্যাবের কয়েকজন সদস্য তাদের গাড়ি থামায়। সেই গাড়ির পেছনে অ্যাডভোকেট চন্দন কুমার সরকারের গাড়ি ছিল। র্যাব সদস্যরা নজরুল ইসলাম ও তার প্রাইভেট কার থেকে তার সহযোগী মনিরুজ্জামান স্বপন, সিরাজুল ইসলাম লিটন, তাজুল ইসলাম, গাড়িচালক জাহাঙ্গীর এবং পেছনের গাড়িতে থাকা অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার তিন দিন পর ৩০শে এপ্রিল ৬ জন ও ১লা মে একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তা বেঁধে ডুবিয়ে দেয়া হয়।
এদিকে অপহরণের পরদিন ২৮শে এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে মামলায় আসামি করা হয় ৬ জনকে। এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১১-এর কয়েক কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ করেন নিহত প্যানেল মেয়র নজরুলের পরিবারের সদস্যরা। নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন, ৬ কোটি টাকার বিনিময়ে র্যাবকে দিয়ে ওই সাতজনকে হত্যা করিয়েছে নূর হোসেন। এ অভিযোগের পর গত ৬ই মে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক অধিনায়ক মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত করা হয়। পরে আদালতের নির্দেশে ১৬ই মে তারেক সাইদ ও আরিফ হোসেন এবং ১৭ই মে ঢাকার সেনানিবাস এলাকা থেকে মিলিটারি পুলিশ ও ক্যান্টনমেন্ট থানা পুলিশ এবং নৌবাহিনীর গোয়েন্দারা তিনজনকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে তুলে দেয়। পরে এ তিনজন নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।











