শিগগিরই ১০ হাজার নার্স নিয়োগ : প্রধানমন্ত্রী (ভিডিও)
শেখ হাসিনা বলেন, ‘নার্সিং পেশা শ্রেষ্ঠ পেশা। নার্সিং পেশাকে আমি অত্যন্ত সম্মান করি। নার্সরা সেবা দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলেন। এ পেশাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। নার্সিংয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি করার সুযোগ সৃষ্টি হবে। শিগগিরই আরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’
রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা সেবার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। সরকারি ও বেসরকারিভাবে যেন আরও হাসপাতাল গড়ে উঠতে পারে, সে জন্য আমরা সুযোগ করে দিয়েছি।’
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালটিকে পর্যায়ক্রমে ৫০০ শয্যায় উন্নীত এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন শেখ হাসিনা।
স্বাস্থ্যসেবা নিতে বিদেশে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তিনি নিজে অসুস্থ হলেও এ হাসপাতালে চিকিৎসা নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মালয়েশিয়া কেপিজে হেলথ কেয়ার বার্হাডের প্রেসিডেন্ট তুয়ান হাজি আমির উদ্দিন আবদুল সাতার।
বেসিক কোর্সে ২৪ জন ও পোস্ট বেসিক কোর্সে ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ডেস্ক রির্পোট : 










