নানান চরিত্রের নিশা
বিনোদন প্রতিবেদক : নতুন বছরে ধারাবাহিক নাটকের কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘লাক্স-চ্যানেল আই’ তারকা নিশা। তার অভিনীত নতুন ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’ ও রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’। এর মধ্যে ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন অভিনেত্রী রিচি সোলায়মান। এর আগে নিশা রিচির সঙ্গে রিচিরই প্রযোজনায় ‘গপ্পো’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এছাড়া এ মুহূর্তে তার অভিনীত যে ধারাবাহিক নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে সেগুলো হচ্ছে রুলীন রহমানের ‘মায়ার খেলা’ আরটিভিতে, মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ আরটিভিতে, চ্যানেল নাইনে কমল চৌধুরীর ‘বাইফোকাল’ ও আরটিভিতে জাহিদ হাসানের ‘উড়ামন’। ‘পাল্টা হাওয়া’ নাটকটি খুব শিগগিরই বাংলাভিশনে প্রচার শুরু হবে। তবে একেবারেই নতুন ধারাবাহিক নাটক ‘যখন কখনো’ কবে কোন চ্যানেলে প্রচার হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ‘মায়ার খেলা’র লতা, ‘নোয়াশাল’র রূপসী, বাইফোকাল’র জমজ বোন ‘নেহা-রিয়া’ ও ‘উড়ামন’র টুনটুনি হয়ে এরই মধ্যে দর্শকের মাঝে সাড়া ফেলেছেন নিশা। কারণ, প্রতিটি ধারাবাহিকে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে। তবে ‘পাল্টা হাওয়া’র অহনা এবং ‘যখন কখনো’র লিপি তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করবে বলে দৃঢ় আশাবাদী লাক্স তারকা মেহরীন ইসলাম নিশা। এদিকে এ অভিনেত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটি ভাল গল্পের চলচ্চিত্রে অভিনয়ের।











