শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরস্কারের অর্থমূল্য প্রতিবন্ধী শিশুদের দান করলেন কবরী

70656_e2বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩তে আজীবন সম্মাননা পেয়েছেন। আজীবন সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করার সময় পুরস্কার থেকে প্রাপ্ত ১ লাখ টাকা তিনি প্রতিবন্ধী শিশুদের জন্য দান করার ঘোষণা দিলেন। গত ৪ঠা এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী প্রতিবন্ধী শিশুদের জন্য পুরস্কারের অর্থমূল্য প্রদান করার ঘোষণা দেন। প্রচণ্ড করতালির মধ্য দিয়ে কবরীর এই ঘোষণাকে স্বাগত জানান হলভর্তি আমন্ত্রিত অতিথি এবং দর্শক। কবরী বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য এই অর্থ যদিও খুব বেশি নয়। তারপরও তাদের জন্য কিছু একটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে তাদের জন্য আরও বেশি সহায়তা প্রদানের চেষ্টা আমার থাকবে। প্রতিবন্ধী শিশুদের জন্য স্বনামধন্য অভিনেত্রী কবরীর এই মহানুভবতা চলচ্চিত্র শিল্পের মুখকে উজ্জ্বল করেছে বলে উপস্থিত চলচ্চিত্র ব্যক্তিত্বরা অভিমত ব্যক্ত করে তাকে সাধুবাদ জানিয়েছেন।